এআই নির্মিত
তাসরিফ খান © সংগৃহীত
এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামের একটি গান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। তার দাবি, অনুমতি ছাড়াই তার ছবি ও কনসার্টের ভিডিও ফুটেজ ব্যবহার করে এআই-সংশ্লেষিত কণ্ঠে গানটি তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) তাসরিফ জানান, তাকে হয়রানি ও বিভ্রান্ত করার উদ্দেশ্যেই গানটির অডিও-ভিজ্যুয়াল তৈরি করা হয়েছে। এ ঘটনায় তিনি আজ বা আগামীকালের মধ্যে সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছেন।
তাসরিফ বলেন, ‘আমি সম্ভবত আজ বা আগামীকাল একটি সাধারণ ডায়েরি (জিডি) করব।’
ভাইরাল হওয়া গানটি এআই দিয়ে তৈরি বলে ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত বলে দাবি করেছেন তাসরিফ। তিনি বলেন, ‘আমি ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত যে গানটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি কারও প্রকৃত কম্পোজিশন হতে পারে না।’
এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি হিসেবে দেখছেন এই সংগীতশিল্পী। তাসরিফ বলেন, ‘এটি আমার কনসার্টের ভিডিও ফুটেজ ব্যবহার করে এআই দিয়ে তৈরি একটি গান। কোনো একটি উদ্দেশ্যে আমাকে হয়রানি করতেই এটি করা হয়েছে।’
ভিডিওটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে বলে মনে করছেন তাসরিফ। তার দাবি, সরকারকে নিয়ে মানহানিকর মন্তব্যের সঙ্গে তার ছবি ও কনসার্টের ফুটেজ যুক্ত করে তাকে এবং সরকারকে একই সঙ্গে বিতর্কে জড়ানোর চেষ্টা করা হয়েছে।
তাসরিফ বলেন, ‘মনে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে। এতে সরকারকে হেয় করা হচ্ছে, আবার আমার ছবি ব্যবহার করে আমাকেও এর সঙ্গে জড়ানো হচ্ছে।’
তিনি জানান, প্রথমদিকে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজে ভিডিওটি পুনরায় আপলোড করা হয়। ফলে প্রচলিত কনটেন্ট রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে এর বিস্তার ঠেকানো কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় ভিডিওটির প্রচার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তাসরিফ। এ কারণে জিডি করার পাশাপাশি বিষয়টি আইনগতভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।