ইসলামিক সলিডারিটি গেমস

টিটি খেলোয়াড়দের প্রস্তুতির সুযোগ ফেডারেশন কাপে

০১ নভেম্বর ২০২৫, ০৯:৩০ PM
অনুশীলনে জাভেদ ও রামহিম

অনুশীলনে জাভেদ ও রামহিম © সংগৃহীত

দম ফেলার ফুরসত নেই জাতীয় টেবিল টেনিসের এক নম্বর খেলোয়াড় জাভেদ আহমেদের। একই অবস্থা টেবিল টেনিসের পুরুষ এককের জাতীয় চ্যাম্পিয়ন রামহিম লিয়ান বমের। দুজনই সকাল ও বিকেল দুই বেলা কঠোর অনুশীলন করছেন। 

দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস) ও ইসলামিক সলিডারিটি গেমসকে সামনে রেখে প্রায় তিন মাস ধরে পল্টন শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে চলছে খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প। এসএ গেমস নিয়ে কিছুটা সংশয় থাকলেও আগামী ৭-২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। এই গেমসে খেলতে ৫ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ টেবিল টেনিস দল।

এই গেমসের আগে ৩১ অক্টোবর থেকে শুরু হয়েছে ফেডারেশন কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট। তিনদিন ব্যাপী গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার আগে ফেডারেশন কাপ যেন খেলোয়াড়দের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ।

সর্বশেষ ২০২১ সালে ফেডারেশন কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট হয়েছিল। প্রায় ৪ বছর পর শুরু হওয়া এই টুর্নামেন্টে পুরুষদের ৩৩টি ও মেয়েদের ৯টি দল অংশ নিচ্ছে। সব মিলিয়ে ১৫৯ জন পুরুষ খেলোয়াড়ের পাশাপাশি ৩৪ জন নারী খেলোয়াড় অংশ নিচ্ছেন এবারের ফেডারেশন কাপে। প্রতিযোগিতায় পুরুষ ও নারী একক এবং দলগত-এই ৪টি ইভেন্টে হবে খেলা।

ফেডারেশন কাপের পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন মানস চৌধুরী ইনজুরিতে পড়ে এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না। কিন্তু দীর্ঘদিন পর টুর্নামেন্ট শুরু হলেও প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে বলে মনে করেন তিনি, “২০২১ সালের পর আর ফেডারেশন কাপের আয়োজন হয়নি। তারপরও দারুণ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবারের প্রতিযোগিতায়।”

এই প্রতিযোগিতা ইসলামিক সলিডারিটি গেমসের জন্য খেলোয়াড়দের কাজে দেবে বলছেন তিনি, “আসলে যারা সৌদি আরবে খেলতে যাবে তাদের জন্য অনেক বড় প্রস্তুতি। ওরা ভালো একটা ছন্দে থাকবে বলে আশা করছি।”

একই সুরে কথা বললেন টেবিল টেনিস খেলোয়াড় জাভেদ আহমেদ, “যেহেতু ইসলামিক সলিডারিট গেমস ৭ নভেম্বর থেকে শুরু। ফেডারেশন কাপ ওই প্রতিযোগিতার জন্য ভালো প্রস্তুতি হওয়ার কথা। কারণ এমন টাফ ম্যাচ খেলা হলে ওখানে আরেকটু স্বাচ্ছন্দ্যে খেলতে পারব। কারণ এমনিতে আমাদের ম্যাচ খেলা কম হয়। তাই আমি মনে করি এই টুর্নামেন্ট আমাদের জন্য খুব কাজে দেবে। এই টুর্নামেন্ট খেললে প্রকৃত রেজাল্ট বোঝা যাবে যে এই প্র্যাকটিসের মাধ্যমে কতটা উন্নতি করলাম।”

আরেক খেলোয়াড় রামহিম লিয়ন বমের প্রত্যাশা আরও বড়। ফেডারেশন কাপ খেলে ইসলামিক গেমসের সেমিফাইনালে যেতে চান তিনি, “প্রথমেই নতুন কমিটিকে ধন্যবাদ দিতে চাই। তারা এসেই অনেকগুলো টুর্নামেন্টের আয়োজন করেছে। আরও টুর্নামেন্ট হলে খেলোয়াড়রা আরও প্রস্তুতি নিতে পারবে। এবার বড় গেমসের আগে এমন প্রতিযোগিতা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আগের বার ইসলামিক সলিডারিটি গেমসে কোয়ার্টার ফাইনালে খেলেছিলাম। এবার আশা করি সেমিফাইনাল খেলব।”

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬