গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে পুলিশ সদস্য নিহত © সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক এএসআই ও কনস্টেবল। এ সময় হামলাকারীদের ছুরিকাঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন (৩২) নিহত হয়েছেন। তবে দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচেছেন তার সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার।
রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, একজন এএসআই ও কনস্টেবল আনোয়ার সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাদের ওপর কয়েকজন হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার মারা গেছেন।
তিনি আরও জানান, ঘটনার সময় আনোয়ারের সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার দৌড়ে প্রাণে বাঁচলেও তার শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তারেক আল মেহেদী বলেন, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেও অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেপ্তার করেছে। এ হামলার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।