রাবি অধ্যাপক তাহের হত্যা মামলার আপিল শুনানি শুরু

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫০ PM
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল শুনানি শুরু হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের ভার্চ্যুয়াল আপিল বিভাগে আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এই শুনানি শুরু হয়। আজকের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী পেপারবুক (মামলার বৃত্তান্ত) উপস্থাপন করেছেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করছেন আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ভার্চ্যুয়ালি শুনানিতে যুক্ত আছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষা হতে পারে মে-জুনে

২০১৩ সালের ২১ এপ্রিল রাবির ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় দুই আসামির ফাঁসির দণ্ডাদেশ বহাল এবং অন্য দুই আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন হাইকোর্ট।

ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখা হয়েছে দুই আসামির। তারা হলেন- একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম।

আর যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া অন্য দুই আসামি হলেন জাহাঙ্গীরের ভাই শিবিরকর্মী আবদুস সালাম ও সালামের আত্মীয় নাজমুল।

২০০৮ সালের ২২ মে বিচারিক আদালত এক রায়ে তাহের হত্যার মামলায় একই বিভাগের এক শিক্ষকসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। আর দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়। বিচারিক আদালতে খালাস পাওয়া দুজন হলেন ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাহবুবুল আলম সালেহী ও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জাহাঙ্গীরের বাবা আজিমুদ্দীন মুন্সী।

বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। এ ছাড়া দণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিরা ২০০৮ ও ২০০৯ সালে আপিল করেন। আপিলের ওপর ২০১৩ সালের এপ্রিলে রায় দেন হাইকোর্ট।

২০০৭ সালের ১৭ মার্চ এ ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন পুলিশ। পরে নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিরাও আপিল করেন।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাবির কোয়ার্টারের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় নৃশংসভাবে হত্যার শিকার অধ্যাপক তাহেরের মরদেহ। ৩ ফেব্রুয়ারি নিহত অধ্যাপক তাহেরের ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহী মহানগরীর মতিহার থানায় অজ্ঞাতপরিচয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬