বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু

১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ PM
লিভার ক্যান্সার ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠান

লিভার ক্যান্সার ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠান © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। ছয়টিরও বেশি বিভাগের সমন্বয়ে প্রতিষ্ঠিত এই বিভাগে লিভার ক্যান্সারের আধুনিক ও সমন্বিত চিকিৎসাসেবা প্রদান করা হবে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এই ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হেপাটোলজি বিভাগের উদ্যোগে ও বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এছাড়া লিভার ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসাব্যবস্থার প্রসার এবং রোগীদের সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে শহীদ ডা. মিল্টন হলে লিভার ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজনও করে বিভাগটি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, লিভার ক্যান্সার বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ রোগের কার্যকর প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীদের চিকিৎসার ফলাফল উন্নত করা সম্ভব। তিনি লিভার ক্যান্সারের চিকিৎসায় আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান, গবেষণা এবং বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাশিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসাসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হেপাটোলজি বিভাগে লিভার ক্যান্সার ক্লিনিকের কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ, যা রোগীদের সংগঠিত ও সমন্বিত চিকিৎসাসেবা প্রদানে সহায়ক হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশে লিভার ক্যান্সারের চিকিৎসার মানোন্নয়ন এবং গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নূরুদ্দীন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস কে এম. নাজমুল হাসান। সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক, এনাম মেডিকেল কলেজের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান নূর।

উল্লেখ্য, হেপাটোলজি বিভাগের উদ্যোগে গত বছরের আগস্ট থেকে লিভার ক্যান্সার ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়ে আসছে। বৃহস্পতিবার এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ ক্লিনিকের মাধ্যমে লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের মূল্যায়ন, রোগের পর্যায় নির্ধারণ, চিকিৎসাপদ্ধতি নির্বাচন, চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসাসেবা প্রদানের সুযোগ আরও সুসংগঠিত হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

সেমিনারের বৈজ্ঞানিক অধিবেশনে লিভার ক্যান্সারের চিকিৎসায় লোকোরিজিওনাল থেরাপির ভূমিকা, স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি (এসবিআরটি), সার্জিক্যাল রিসেকশন এবং লিভার ট্রান্সপ্লান্টেশনের আধুনিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। এতে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞরা তাদের বৈজ্ঞানিক অভিজ্ঞতা ও চিকিৎসাক্ষেত্রের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন।

অনুষ্ঠানের বিশেষ অধিবেশনে লিভার ক্যান্সার রেজিস্ট্রির অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি লিভার ক্যান্সারের রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং ভবিষ্যতে এ রোগের প্রকৃত চিত্র, ঝুঁকির ধরন ও চিকিৎসার ফলাফল সম্পর্কে তথ্যভিত্তিক গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে হেপাটোলজি, রেডিওলজি ও ইমেজিং, ক্লিনিক্যাল অনকোলজি, হেপাটোবিলিয়ারি সার্জারি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের শিক্ষক, চিকিৎসক, গবেষক ও চিকিৎসা-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, লিভার ক্যান্সার ক্লিনিকের আনুষ্ঠানিক যাত্রা এবং এ ধরনের বৈজ্ঞানিক আয়োজনের মাধ্যমে দেশে লিভার ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা ও গবেষণার কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে রোগীদের জন্য সহজলভ্য, সমন্বিত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে।

সেমিনারে অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, অধ্যাপক ডা. মো. গোলাম আযম, অধ্যাপক ডা. এবিএম শাকিল গনি, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক ডা. মো. ফজল করিম, অধ্যাপক ডা. মো. মোহছেন চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান, ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, ডা. মো. সাইফুল ইসলাম এলিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে একটি চক্র: রিজ…
  • ১৫ অক্টোবর ২০২৬