ওরিয়েন্টেশন অনুষ্ঠান © সংগৃহীত
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড অটিজমের (ইপনা) উদ্যোগে সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডারসের (এনডিডি) ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
ইপনা জানিয়েছে, ৬ মাসব্যাপী এই কোর্সে শিক্ষার্থীরা শিশুর বিকাশ, অটিজম, এডিএইচডি, লার্নিং ডিজঅর্ডার এবং কমিউনিকেশন ডিজঅর্ডারসহ বিভিন্ন নিউরোডেভেলপমেন্টাল সমস্যা সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন। প্রশিক্ষণ শেষে তারা এনডিডিতে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য আরও দক্ষতার সঙ্গে সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের নিউরোডেভেলপমেন্টাল সমস্যার প্রাথমিক শনাক্তকরণ, সঠিক মূল্যায়ন, প্রয়োজনীয় থেরাপি ও সমন্বিত ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। বিভিন্ন পেশাজীবীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এনডিডিতে আক্রান্ত শিশুদের সর্বোচ্চ বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ইপনার পরিচালক অধ্যাপক ডা. কাজী আশরাফুল ইসলাম, পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা তাবাসসুম আলম, সহকারী অধ্যাপক ডা. সানজিদা আহমেদ, সহকারী অধ্যাপক ডা. বিকাশ চন্দ্র পাল, সহকারী অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদাউসসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।