বার্ষিক সাধারণ সভা © সংগৃহীত
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ‘রোগী কল্যাণ সমিতি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) ও রোগী কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগী এবং তাদের পরিবারের কল্যাণে রোগী কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অসহায় মানুষের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে দুইজন অসহায় ব্যক্তির মাঝে সেলাই মেশিন এবং জীবিকা নির্বাহের সহায়ক হিসেবে চা তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়। এছাড়া অসহায় রোগীদের সহায়তার জন্য ওষুধ ও হুইলচেয়ার প্রদান করা হয়। একই সাথে রোগী কল্যাণ সমিতির সমাজসেবামূলক কার্যক্রমে সহযোগিতা ও অনুদান প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
সভায় অতিথিবৃন্দ বলেন, রোগী কল্যাণ সমিতির কার্যক্রম শুধু চিকিৎসাসেবা গ্রহণে সহায়তার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তোলার উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, দাতা সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন।
এ সময় রোগী কল্যাণ সমিতির ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগীর সংখ্যা বৃদ্ধি, অনুদান সংগ্রহের পরিধি সম্প্রসারণ, অসহায় রোগীদের প্রয়োজন ভিত্তিক সহায়তা এবং কর্মমুখী পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. সোহেল মাহমুদ আরাফাত, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান এবং উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের প্রমুখ।