এনডিএফের সিরাত আলোচনা

চিকিৎসকদের আচরণে সহমর্মিতা থাকা জরুরি, মহানবীর আদর্শ ধারণের আহ্বান

২৪ আগস্ট ২০২৬, ০৯:৪৩ PM
এনডিএফের সিরাত আলোচনায় বক্তারা

এনডিএফের সিরাত আলোচনায় বক্তারা © সংগৃহীত

চিকিৎসকদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে মহানবী হযরত মুহাম্মদের (সা.) সততা, দয়া ও সেবামূলক শিক্ষা ধারণ করার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের দায়িত্বশীলরা। তারা বলেন, চিকিৎসাসেবা শুধু পেশা নয়, এটি মানুষের জীবন ও কল্যাণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি মহান দায়িত্ব। তাই রোগীর প্রতি সহমর্মিতা, সততা ও মানবিক আচরণ চিকিৎসকদের পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘সিরাতুন্নবীর (সা.) গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আমাদের জন্য তাঁর আদর্শ’ প্রতিপাদ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, মানবজাতির সার্বিক কল্যাণ, নৈতিক চরিত্রের উৎকর্ষ সাধন এবং সুশৃঙ্খল সমাজ গঠনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তাঁর জীবন ছিল সত্যবাদিতা, আমানতদারি, দয়া, ক্ষমা, ন্যায়বিচার ও মানুষের সেবার অনন্য দৃষ্টান্ত।

তারা বলেন, একজন চিকিৎসক প্রতিদিন অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের সঙ্গে কাজ করেন। ফলে চিকিৎসকদের আচরণে মানবিকতা ও সহমর্মিতা থাকা অত্যন্ত জরুরি। রোগীর আর্থিক ও সামাজিক অবস্থান বিবেচনা না করে সবার সঙ্গে সমান আচরণ, রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া এবং পেশাগত দায়িত্বে সততা বজায় রাখার মাধ্যমে মহানবীর (সা.) শিক্ষা অনুসরণ করা সম্ভব।

আলোচনা সভায় প্রধান আলোচক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মহানবী (সা.) শুধু ধর্মীয় জীবনের জন্য নয়, মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন থেকে সততা, দায়িত্ববোধ, মানুষের প্রতি ভালোবাসা ও সেবার শিক্ষা গ্রহণ করে ব্যক্তিগত ও পেশাগত জীবনে তা বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ প্রয়োজন। চিকিৎসকদের মতো সমাজের গুরুত্বপূর্ণ পেশাজীবীদের নৈতিক অবস্থান আরও দৃঢ় হলে মানুষের প্রতি দায়িত্বশীলতা ও সেবার মানও বাড়বে।

সভায় সভাপতিত্ব করেন এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার। অনুষ্ঠানে সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে হেড অব এসএমই পদে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীকে ল্যাপটপ দিলেন মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু  আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে পরীক্ষায় উত্তর লেখার দায়ে ঢাবির ছাত্রদল ও হল সংসদ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলা কিউআর পেমেন্টে টাকা জমা নিয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে আসিয়ান কাপের দল ঘোষণা বাংলাদেশের
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬