জাতীয় প্রেসক্লাব এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় © সংগৃহীত
হোমিওপ্যাথি ওষুধকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতামুক্ত রাখা, ডিএইচএমএস ডিগ্রিধারীদের সরকারি চাকরির সুযোগ সৃষ্টি ও বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক-কর্মচারীদের শতভাগ সরকারি বেতন-ভাতাসহ চার দফা দাবি জানিয়েছে ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন। এ ছাড়া বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পূর্ণাঙ্গ কাঠামো গঠনের দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিকল্প চিকিৎসাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হোমিওপ্যাথিক চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে প্রশাসনিক জটিলতা ও আইন বাস্তবায়নে ধীরগতির কারণে সংকটের মুখে রয়েছে। এতে ওষুধ ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তারা বলেন, ১৯৭২ সাল থেকে স্বাধীন বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসাপদ্ধতি রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে। বর্তমানে ডিএইচএমএস ও বিএইচএমএস কোর্সের মাধ্যমে এ চিকিৎসাশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে নানা সংকট ও প্রশাসনিক জটিলতায় শিক্ষাব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।
বক্তারা জানান, হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত আমদানিকৃত ওষুধে রেকটিফায়েড স্পিরিট বা ইথাইল অ্যালকোহল থাকায় এসব ওষুধ আমদানি, সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারে জটিলতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গত ১৩ আগস্ট জারি করা প্রজ্ঞাপন বিবেচনায় নিয়ে বৈধ আমদানি ও ব্যবহারের জন্য সহজ, সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা।
এদিকে, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ দ্রুত গঠনের আহ্বান জানান বক্তারা। এতে ডিএইচএমএস চিকিৎসকদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান তারা।
সংগঠনের মহাসচিব ডা. মো. ফারুক আহমেদ মজুমদার বলেন, স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী ডিএইচএমএস চিকিৎসকদের জন্য পৃথক পদ সৃষ্টি, প্রয়োজনীয় জনবল কাঠামো প্রণয়ন এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান ও জনসেবার সুযোগ তৈরি করা প্রয়োজন।
পাশাপাশি বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ সরকারি বেতন-ভাতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ বিষয়ে সংগঠনের সভাপতি ডা. মো. মজিবুল্যাহ মজিব বলেন, ২০০৯ সালে ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলের মূল বেতনের ৫ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বেতন দেওয়া হতো। তবে প্রায় দুই বছর ধরে সেই বেতনও বন্ধ রয়েছে। এতে এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল কাঠামো ও নীতিমালা প্রণয়ন করে সরকারি রাজস্ব খাত থেকে শতভাগ বেতন-ভাতা দেওয়ার কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বক্তারা বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় স্বাস্থ্যব্যবস্থায় হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার পরিসর বাড়ানো প্রয়োজন। এ জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ চার দফা দাবি দ্রুত কার্যকরে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।