চ্যাম্পিয়নস লিগের ট্রফি © সংগৃহীত
৩৬ দলের নতুন কাঠামোয় চ্যাম্পিয়নস লিগের যাত্রা ২০২৪-২৫ মৌসুমে শুরু হয়েছিল। নতুন এই ফরম্যাটে হওয়া প্রথম দুই আসরেই শিরোপা জিতেছে পিএসজি। এবারও হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে মাঠে নামবে ফরাসি ক্লাবটি। যদিও মূল লড়াই শুরুর আগে বাছাইপর্বের ব্যস্ততা ইতিমধ্যেই শেষ হয়েছে। গত রাতে প্লে-অফ পর্বের শেষ চার ম্যাচের মধ্য দিয়ে লিগ পর্বের বাকি দলগুলোও নিশ্চিত হয়েছে। আজ অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ড্র।
বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র হবে। আগের দুই আসরের মতো এবারও কোনো গ্রুপ থাকছে না। প্রতিটি দল লিগ পর্বে ৮টি ভিন্ন দলের বিপক্ষে খেলবে। কোন ক্লাবের প্রতিপক্ষ হবে কারা এবং কোন ম্যাচটি হবে ঘরের মাঠে, আর কোনটি প্রতিপক্ষের মাঠে ড্রয়ের মাধ্যমেই তা নির্ধারিত হবে।
ঘরোয়া লিগের পারফরম্যান্সের ভিত্তিতে ২৯টি দল সরাসরি লিগ পর্বের টিকিট পেয়েছে। বাকি ৭টি দল বাছাইপর্ব পেরিয়ে এসেছে। প্লে-অফের শেষ ধাপ থেকে পরশু রাতে তিনটি দল লিগ পর্ব নিশ্চিত করে। গত রাতের চার প্লে-অফ ম্যাচ শেষে নিশ্চিত হয়েছে বাকি ৪ দলও।
যেভাবে হবে ড্র:
প্রথমে প্রথম পট থেকে হাতে করে একটি দলের নাম তোলা হবে। এরপর বিশেষ সফটওয়্যারের মাধ্যমে মুহূর্তের মধ্যেই নির্ধারিত হবে ওই ক্লাবের ৮ প্রতিপক্ষ। একইসঙ্গে কোন দলের বিপক্ষে ঘরের মাঠে এবং কার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে, সেটিও সফটওয়্যার নির্ধারণ করবে।
এভাবে প্রথম পটের ৯টি দলের প্রতিপক্ষ নির্ধারণের পর দ্বিতীয় পটের দলগুলোর ড্র শুরু হবে। দ্বিতীয় পটের দলগুলো নিজেদের পট ও পরবর্তী পট থেকে প্রতিপক্ষ পাবে। একই প্রক্রিয়ায় তৃতীয় পটের দলগুলো নিজেদের ও চতুর্থ পট থেকে প্রতিপক্ষ পাবে। সবশেষে চতুর্থ পটের দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণ করা হবে।
ড্রয়ে দুটি গুরুত্বপূর্ণ নিয়মও মানা হবে। একই দেশের দুটি ক্লাব একে অপরের মুখোমুখি হতে পারবে না। পাশাপাশি কোনো দল একই দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলতে পারবে।
সরাসরি লিগ পর্বে যে ২৯ ক্লাব:
ইংল্যান্ড
আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুল।
স্পেন
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল বেতিস।
ইতালি
ইন্টার মিলান, নাপোলি, রোমা ও কোমো।
জার্মানি
বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ ও স্টুটগার্ট।
ফ্রান্স
পিএসজি, লাঁস ও লিল
পর্তুগাল
পোর্তো ও স্পোর্তিং সিপি
নেদারল্যান্ডস
পিএসভি ও ফেইনুর্ড
বেলজিয়াম
ব্রুগা
তুরস্ক
গালাতাসারাই
ইউক্রেন
শাখতার
চেক প্রজাতন্ত্র
স্লাভিয়া প্রাগ
প্লে-অফ থেকে যারা উঠল:
সাবাহ (আজারবাইজান), বোডো/গ্লিমট (নরওয়ে), লাস্ক (অস্ট্রিয়া), এইকে এথেন্স (গ্রিস), ভাইকিং (নরওয়ে), স্লোভান ব্রাতিস্লাভা (স্লোভাকিয়া) ও ফেনেরবাচে (তুরস্ক)
চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ তারিখ
ম্যাচডে ১ : ৮-১০ সেপ্টেম্বর
ম্যাচডে ২ : ১৩-১৪ অক্টোবর
ম্যাচডে ৩ : ২০-২১ অক্টোবর
ম্যাচডে ৪ : ৩-৪ নভেম্বর
ম্যাচডে ৫ : ২৪-২৫ নভেম্বর
ম্যাচডে ৬ : ৮-৯ ডিসেম্বর
ম্যাচডে ৭ : ১৯-২০ জানুয়ারি
ম্যাচডে ৮ : ২৭ জানুয়ারি
নকআউট প্লে-অফ : ১৬-১৭ ফেব্রুয়ারি ও ২৩-২৪ ফেব্রুয়ারি
শেষ ষোলো : ৯-১০ মার্চ ও ১৬-১৭ মার্চ
কোয়ার্টার ফাইনাল : ৬-৭ এপ্রিল ও ১৩-১৪ এপ্রিল
সেমিফাইনাল : ২৭-২৮ এপ্রিল ও ৪-৫ মে
ফাইনাল : ৫ জুন, মাদ্রিদের মেট্রোপলিটন স্টেডিয়াম