লতিফুল ইসলাম শিবলী © সংগৃহীত
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে জনপ্রিয় গীতিকার ও লেখক লতিফুল ইসলাম শিবলীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ রবিবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
লতিফুল ইসলাম শিবলী দেশের একজন প্রখ্যাত গীতিকার, সুরকার, কবি, নাট্যকার ও ঔপন্যাসিক; যিনি বর্তমানে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মো. লতিফুল ইসলাম শিবলীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে গ্রেড-১ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।’
উল্লেখ্য, লতিফুল ইসলাম শিবলী প্রায় চার শতাধিক গান লিখেছেন। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—‘জেল থেকে বলছি’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘তুমি আমার প্রথম সকাল’, এবং ‘রাজকুমারী। ১৯৯৫ সালে তার একক গানের অ্যালবাম ‘নিয়ম ভাঙার নিয়ম’ প্রকাশিত হয়। এছাড়া তিনি ‘সং অফ বিলিভ’ নামে একটি ব্যান্ড দলের সঙ্গে যুক্ত ছিলেন।
একই সাথে তিনি একজন জনপ্রিয় ঔপন্যাসিক ও কবি। তার আলোচিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘আসমান’, ‘দখল’, ‘দারবিশ’, ‘রাখাল’, ‘ফ্রন্টলাইন’, ‘অন্তিম’, ‘ইমাম’ এবং ‘নূর’। এছাড়া ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন’ নামে তার একটি গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ রয়েছে।
নাট্যকার হিসেবে তার প্রথম সাড়াজাগানো নাটক ‘তোমার চোখে দেখি’। তিনি ১১টিরও বেশি নাটক লিখেছেন এবং ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন। নিজের লেখা সাড়াজাগানো টিভি নাটক ‘রাজকুমারী’ (১৯৯৭)-তে ‘মির্জা গালিব’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা কুড়ান।