সেলিম আকতার চৌধুরী © সংগৃহীত ও সম্পাদিত
আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ডা. সেলিমকে আটক করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর পুলিশ অভিযান পরিচালনা করছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো।
জানা গেছে, সেলিম আকতার বেশ কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সে সময় তার বিরুদ্ধে বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এছাড়া তিনি সিনিয়রস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।
ডা. সেলিম সাবেক সিটি মেয়র প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর মেয়ের জামাই ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি।