© লোগো
সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক এলাকায় প্রকল্পের বাউন্ডারি ওয়াল, রাস্তা, অফিস ভবন, ড্রেন-কালভার্ট নির্মাণে মালামাল প্রবেশে বাঁধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদসহ তিনজনের বিরুদ্ধে। অভিযুক্ত অন্য দুইজন হলেন- ছোবহান আলী ও রফিক মেম্বার।
বিসিক শিল্পপার্কের (ঢাকা) চেয়ারম্যান মোশ্তাক হাসান স্বাক্ষরিত চিঠিতে গত ২৩ মার্চ এ অভিযোগ করা হয়। একইসঙ্গে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা চেয়ে পুলিশের মহাপরিদর্শক, সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-১২, পৌর মেয়র ও সিরাজগঞ্জ-২ আসনের এমপিকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিসিক কর্তৃক ৪০০ একর জমির উপর নির্মিত সিরাজগঞ্জ শিল্পপার্কটির মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখবে। এখানে দেশি-বিদেশি আধুনিক শিল্প স্থাপনের মাধ্যমে অন্তত এক লাখ মানুষের কর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে। যার মাধ্যমে দেশের বিশেষ বরে উত্তরাঞ্চলের মানুষের আয় বৃদ্ধি তথা দারিদ্র বিমোচনে সহায় হবে।
চিঠিতে অভিযোগ করে বলা হয়েছে, বিভিন্ন বাঁধা-বিপত্তি পেরিয়ে প্রকল্পের বাউন্ডারি ওয়াল, রাস্তা, অফিস ভবন, ড্রেন-কালভার্ট নির্মাণ কাজ চলমান রয়েছে। কিন্তু কাজ বাস্তবায়নে প্রকল্প এলাকায় মালামাল প্রবেশে স্থানীয়ভাবে বাঁধা প্রদান, চাঁদাবাজি, অযাচিত উৎপাতের কারণে প্রকল্পের কার্যক্রমে ব্যাহত হচ্ছে।
ঠিকাদার প্রতিষ্ঠানের বরাত দিয়ে চিঠিতে বলা হয়েছে, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ বিন আহমেদ, ছোবহান আলী ও রফিক গং বাহিনী এ অপতৎপরতা সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তারা বিভিন্ন সময় হুমকি-ধামকিসহ মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন।
এমতাবস্থায় প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা করতে চিঠিতে অনুরোধ করা হয়েছে।
শিল্পপার্কের ঠিকাদারি প্রতিষ্ঠান সরাসরি ঢাকা অফিসে অভিযোগ দিয়েছেন জানিয়ে বিসিক শিল্পপার্ক সিরাজগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে ঢাকা অফিস প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রকল্পের বাউন্ডারি ওয়াল, রাস্তা, অফিস ভবন, ড্রেন-কালভার্ট কাজের সাব-ঠিকাদার তিনি নিজেই জানিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ বলেন, এখানে চাঁদা বা হুমকির প্রশ্নই আসে না।
প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মাজেদ অ্যান্ড সন্স তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে পারে বলেও জানান তিনি।