বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক রায়ে আসামির যাবজ্জীবন

২০ এপ্রিল ২০২৬, ১১:১৬ PM
সাতক্ষীরা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল

সাতক্ষীরা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল © টিডিসি ফটো

সাতক্ষীরার কলারোয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. ইব্রাহিম গাজী (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম গাজী কলারোয়া উপজেলার পারিখুপি গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ ইব্রাহিম গাজী তার প্রতিবেশী ওই শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং ইব্রাহিম গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ওই শিশুর নানী খাদিজা বেগম বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেকেন্দার আলী ২০২৫ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ৭ জানুয়ারি আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আজ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার জট কমাতে ২০২৫ সালের ২৩ অক্টোবর সাতক্ষীরায় বিশেষ 'শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল'-এর কার্যক্রম শুরু হয়। এই ট্রাইব্যুনাল চালু হওয়ার পর এটিই প্রথম মামলার রায়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং বিশেষ পিপি শেখ আলমগীর আশরাফ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সঠিক বিচার করেছেন। নবগঠিত ট্রাইব্যুনালের প্রথম এই রায় সমাজে অপরাধ দমনে একটি কঠোর বার্তা দিবে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি ইব্রাহিম গাজী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় শেষে তাকে কড়া পাহারায় কারাগারে পাঠানো হয়।

কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
  • ১২ আগস্ট ২০২৬
আবেদন না করেও মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ, পরিবার পরিকল্পনা কর…
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাম্বিভার্ট আসলে কারা? যেভাবে চিনবেন
  • ১২ আগস্ট ২০২৬
টেলিটকের জেন জি সিম কেনার অফারের মেয়াদ বাড়ল ৭ দিন
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১২ আগস্ট ২০২৬
প্রতিবন্ধিতা জয় করে জিপিএ-৫, ইয়াসিরের ডাক্তার হওয়ার স্বপ্নে…
  • ১২ আগস্ট ২০২৬