আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার

১৮ জুলাই ২০২৬, ১২:২৯ PM
গ্রেপ্তার বখতিয়ার আবিদ খান

গ্রেপ্তার বখতিয়ার আবিদ খান © সংগৃহীত

জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা চালানোর অভিযোগে এক ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তির অপব্যবহার ও চাঁদা দাবির অভিযোগও আনা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বখতিয়ার আবিদ খান (২১)। তিনি ‘Bangladesh Concert & Event Connects (BCEC)’ নামের একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন। তার ব্যবহৃত ফেসবুক আইডির নাম ‘Ak Abid Khan’।

সিআইডি সূত্রে জানা যায়, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে আতিফ আসলামের কনসার্ট আয়োজনের কথা রয়েছে। ‘Event Sajai’ ও ‘Main Stage Inc’ যৌথভাবে কনসার্টটি আয়োজন করছে। টিকিট বিক্রির জন্য আয়োজকেরা ‘GetMyTicket.live’-এর সঙ্গে চুক্তি করেছে। গত ৮ জুলাই থেকে ‘Main Stage Inc’-এর ফেসবুক পেজে কনসার্টের প্রচারণা শুরু হয়।

আয়োজকদের অভিযোগ, এরই মধ্যে তাদের নজরে আসে, ‘Bangladesh Concert & Event Connects (BCEC)’ ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট প্রচার করা হচ্ছে। এসব পোস্টে আগে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করা হচ্ছিল।

অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন ‘Ak Abid Khan’-এর সঙ্গে যোগাযোগ করা হয়। তখন পোস্টগুলো সরিয়ে নেওয়ার বিনিময়ে তিনি এক লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ। টাকা না দিলে এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখার পাশাপাশি ‘Event Sajai’ ও ‘Main Stage Inc’-এর ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির চেষ্টা করার হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার

এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। ১৫ জুলাই করা মামলাটিতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১(২), ২২(২) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্তভার পাওয়ার পর সিআইডি তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে ১৬ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ার আবিদ খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়।

সিআইডি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বখতিয়ার আবিদ খান ‘Bangladesh Concert & Event Connects (BCEC)’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন এবং তার ব্যবহৃত ফেসবুক আইডির নাম ‘Ak Abid Khan’ বলে স্বীকার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।

নোবেলজয়ী বিজ্ঞানীদের যে উদ্ভাবন বদলে দিতে পারে কোটি কোটি স্…
  • ০৭ অক্টোবর ২০২৬
কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬