বরিশালে

দিনে ক্রেতা, রাতে চোর! তালা কেটে ৬১ লাখ টাকার মোবাইল চুরি

১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ AM
রিশাল নগরীর সদর রোডের ফাতেমা সেন্টারে মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনার সিসিটিভি।

রিশাল নগরীর সদর রোডের ফাতেমা সেন্টারে মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনার সিসিটিভি। © সংগৃহীত

দিনের বেলায় ক্রেতা সেজে একাধিকবার দোকানে এসে নিরাপত্তাব্যবস্থা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন চক্রের সদস্যরা। পরে রাতের আঁধারে শাটারের তালা কেটে দোকানে ঢুকে লুট করেন ৫৫টি মোবাইল ফোন ও নগদ টাকা। বরিশাল নগরীর সদর রোডের ফাতেমা সেন্টারে একটি মোবাইল ফোনের দোকানে এ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৬১ লাখ ১০ হাজার টাকা বলে দাবি করেছেন দোকানমালিক।

সোমবার (১৬ নভেম্বর) সকালে দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি টের পান মালিক নাঈম। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুরো ঘটনার বেশ কিছু অংশ দোকান ও মার্কেটের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

দোকানমালিক নাঈম জানান, রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোকানে এসে দেখেন, শাটারের তালা কাটা। ভেতরে ঢুকে শোকেস ও ক্যাশবাক্স তল্লাশি করে চুরির বিষয়টি নিশ্চিত হন।

তাঁর ভাষ্য অনুযায়ী, দোকান থেকে বিভিন্ন মডেলের ৩৬টি আইফোন, গুগল পিক্সেলসহ অন্যান্য ব্র্যান্ডের মোট ৫৫টি মোবাইল ফোন এবং ব্যবসার নগদ ৬ লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ৬১ লাখ ১০ হাজার টাকা।

দোকানমালিকের অভিযোগ, চক্রের সদস্যরা রোববার বিকেল থেকেই ক্রেতা সেজে কয়েক দফায় দোকানে আসেন। তাঁদের কেউ মোবাইলের ব্যাটারি কেনার কথা বলেন, আবার কেউ বিভিন্ন মডেলের ফোন দেখতে চান। এসব অজুহাতে তাঁরা দোকানের ভেতরের পরিবেশ, অবস্থান ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

দোকান ও ফাতেমা সেন্টারের সিসিটিভি ফুটেজে চুরির আগে ও পরের বেশ কিছু দৃশ্য দেখা গেছে। ফুটেজে বিকেলের দিকে প্রথমে এক যুবককে মোবাইলের ব্যাটারি খুঁজতে দোকানে প্রবেশ করতে দেখা যায়। কিছুক্ষণ পর আরও তিন যুবক একসঙ্গে দোকানে এসে ক্রেতা সেজে অবস্থান করেন।

চুরির সময়ের ফুটেজে দেখা যায়, বিকেলে দোকানে আসা তিন যুবকই রাতে কাঁধে ব্যাগ নিয়ে সেখানে হাজির হন। তাঁদের একজন ব্যাগ থেকে তালা কাটার যন্ত্র বের করে শাটারের তালা কেটে ফেলেন। পরে দুটি ব্যাগ নিয়ে তাঁদের একজন দোকানের ভেতরে প্রবেশ করেন। অন্য দুজন বাইরে অবস্থান করে মোবাইল ফোনে কথা বলার ভান করে পাহারা দেন।

একপর্যায়ে দোকান থেকে মালামাল নিয়ে বেরিয়ে যান তাঁরা। পুরো কাজ শেষ করে কোনো বাধা ছাড়াই ঘটনাস্থল ত্যাগ করেন চক্রের সদস্যরা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, চুরির ঘটনায় সোমবার দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দোকানমালিক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

তিনি আরও জানান, ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একটি দল কাজ শুরু করেছে।

দিনে ক্রেতা, রাতে চোর! তালা কেটে ৬১ লাখ টাকার মোবাইল চুরি
  • ১৮ নভেম্বর ২০২৬
স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে মানব…
  • ১৮ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার
  • ১৮ নভেম্বর ২০২৬
বিস্ফোরক ও অগ্নিসংযোগ মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর ২০২৬
কিউএস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে ৪র্থ, বিশ্বের সেরা ১ হাজারে আই…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় দুইদিন বন্ধ ঘোষণা
  • ১৮ নভেম্বর ২০২৬