অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানকে স্মারকলিপি দেওয়া হচ্ছে © সংগৃহীত
নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ৬ মাসের ব্যবধানে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় সুষ্ঠ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য, প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এই স্মারকলিপি দেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাকটিভ ইয়ুথ এ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশের (আয়াস) একটি প্রতিনিধি দল। তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের হাতে এই স্মারকলিপি তুলে দেন।
আয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান বলেন, ‘সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি এনজিওর সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ায় কয়েকটি ঘটনা ঘটেছে। এনিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়া প্রয়োজন। এমনকি স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম পাওয়া গেলে এনজিও গাক-কে কঠোর আইনের আওতায় আনা হোক। বিষয়টি খতিয়ে দেখতেই তিনটি মন্ত্রনালয় বরাবর আমরা পত্র দিয়েছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন এ্যাআয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি, রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন, শুসমিতা খানম ঐসীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।