চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে নতুন চারটি কমিউটার ট্রেন। © সংগৃহীত
চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে নতুন চারটি কমিউটার ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। চারটি ট্রেনের মাধ্যমে এ রুটে যাত্রী পরিবহন করা হবে। নতুন এ ট্রেনসেবায় সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ট্রেন চলাচলের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন ট্রেনগুলোর নাম দেওয়া হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে সাতটি করে কোচ রয়েছে। এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ। পাঁচটি শোভন শ্রেণির কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন রয়েছে। এসএলআর কোচে আসন রয়েছে ৩৪টি। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৩৩৪।
যে সময় চলবে ট্রেন
রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২২২ নম্বর ট্রেনটি সকাল ৬টায় নাজিরহাট থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ২২১ নম্বর ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।
এ ছাড়া ২২৪ নম্বর ট্রেনটি সকাল ১০টা ৪০ মিনিটে নাজিরহাট থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর ২২৩ নম্বর ট্রেনটি চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।
এ রুটে আগে সর্বনিম্ন ভাড়া ছিল ১২ টাকা। নতুন ট্রেন চালুর সঙ্গে তা বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। রেলওয়ে কর্মকর্তারা মনে করছেন, নতুন ট্রেন চালুর ফলে এ পথে যাত্রীসেবার পরিধি বাড়বে এবং আয়ও বাড়বে।
এদিকে নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবি জানিয়েছেন স্থানীয় যাত্রীরা। তাঁদের মতে, রেলপথটি সম্প্রসারণ করা হলে উত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হবে।