লিটন কুমার দাস © সংগৃহীত
আবু ধাবি টেস্টে ৬০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন লিটন কুমার দাস। টেস্টের পঞ্চম দিনে প্রথম সেশনের শেষ দিকে ইকরাম আলিখিলের ক্যাচ নেওয়ার মধ্য দিয়ে ম্যাচে নিজের নবম ডিসমিসাল পূর্ণ করেন তিনি।
ব্যাট হাতেও এই টেস্টে উজ্জ্বল ছিলেন লিটন। প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০২ রানের দুর্দান্ত ইনিংস। দুই ইনিংসেই অন্তত অর্ধশতক এবং উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল—টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এমন কীর্তি গড়লেন এই ব্যাটার।
এতদিন দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে এই রেকর্ডের মালিক ছিলেন। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসেই ৫০ বা তার বেশি রান করার পাশাপাশি উইকেটের পেছনে ৮টি ডিসমিসাল করেছিলেন তিনি। দীর্ঘ ৬ দশক ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন লিটন দাস।
এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। তামিমের ৮৩, সাদমান ইসলামের ৬৭ ও লিটন দাসের ৫৩ রানের ইনিংসে ভর করে এই পুঁজি পায় টাইগাররা। জবাবে আফগানিস্তানের প্রথম ইনিংস থামে ২৪০ রানে।
পেসারদের জন্য খুব বেশি সহায়ক না থাকা উইকেটেও দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ। হ্যাটট্রিকের পর ফাইফার তুলে নেন তিনি। এবাদত নিয়েছিলেন ৪ উইকেট। প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে সেঞ্চুরি করেন রহমত শাহ, আর আব্দুল মালিকের ব্যাট থেকে আসে ৬২ রান।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লিটন দাসের শতক এবং মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান।