তামিম ইকবাল © সংগৃহীত
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় এশিয়ার ক্রিকেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় এসিসির সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে।
এতদিন এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে এসিসির সভাপতির দায়িত্ব দেওয়া হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই তালিকায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডও যুক্ত হয়েছে। ফলে ভবিষ্যতে নিয়ম অনুযায়ী আফগানিস্তানের কেউও এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই পদে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
এ ছাড়া সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকেও নির্বাহী বোর্ডের নতুন সদস্য নির্বাচন করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালও প্রথমবারের মতো এসিসির সভায় অংশ নেন। সভায় তাকে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
এশিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ ও পারস্পরিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি বলেন, ‘এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে এক সুতোয় বাঁধার একটি মাধ্যম। আমাদের আজকের এসব সিদ্ধান্ত এশিয়ার ক্রিকেটকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।’