বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক শান্ত © টিডিসি ফটো
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরে তামিম হাসান ও মুশফিকুর রহিমের চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও দুজনের অবস্থাই এখন ইতিবাচক বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তামিম আজ ব্যাটিং অনুশীলন করেছেন, মুশফিকও চোট কাটিয়ে ব্যাটিং করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ম্যাচের আগের সকাল পর্যন্ত অপেক্ষা করতে চান অধিনায়ক।
‘ভালো ক্রিকেট খেলতে চাই’—কথাটা বাংলাদেশ থেকেই বলে আসছেন নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়াতেও একই কথা বলেছেন তিনি। ম্যাকাই টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনেও সেই লক্ষ্যই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
ডারউন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের পর প্রত্যাশার পারদও এখন বেশ উঁচুতে। একদিকে উইকেট ও বাতাস মিলিয়ে ম্যাকাইয়ের পেস-সহায়ক কন্ডিশন, অন্যদিকে সিরিজ হারের পাশাপাশি ধবলধোলাই এড়ানোর তাড়নায় থাকা অস্ট্রেলিয়া—সব মিলিয়ে দ্বিতীয় টেস্টেও বড় কিছুর আশায় বাংলাদেশের সমর্থকেরা।
তবে অধিনায়ক নাজমুল হোসেন এখনই অত বড় কিছুর দিকে তাকাচ্ছেন না। তিনি তাঁর আগের অবস্থানেই আছেন—ভালো ক্রিকেট খেলতে চান এবং সেটা ম্যাকাই টেস্টের পাঁচ দিনই।
গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। টেস্টের পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলতে চাই। একেকটা দিন, একেকটা সেশন আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, প্রক্রিয়াটা ঠিকঠাক অনুসরণ করলে ফল এমনিতেই আসবে। তাই ফলাফলের দিকে না তাকিয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’
ডারউইনের জয়ের আত্মবিশ্বাস অবশ্যই কাজে দেবে বলে মনে করেন নাজমুল। তবে সেই জয়ের রেশ বেশি দিন ধরে রাখতে চান না তিনি। তাঁর মতে, পেশাদার ক্রিকেটারদের দ্রুতই আগের ম্যাচের আবেশ থেকে বেরিয়ে নতুন ম্যাচে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।
নাজমুল বলেন, ‘জয় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু পেশাদার খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সেখান থেকে ফিরে আসাটা গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ অধিনায়কের কাছে তাই ডারউইনের জয় এখন অতীত। তাঁর আশা, দলের সবাই সেই জয়ের আবেশ থেকে বেরিয়ে এসে ম্যাকাইয়ের নতুন টেস্টটি নতুন করেই শুরু করবেন।
ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে দুই দিন পূর্ণাঙ্গ অনুশীলন করেছে বাংলাদেশ দল। দলের প্রস্তুতিতে সন্তুষ্ট নাজমুল। তবে অস্ট্রেলিয়ার অন্যান্য ভেন্যুর তুলনায় ম্যাকাইয়ের আবহাওয়া কিছুটা ভিন্ন বলেও জানিয়েছেন তিনি।
নাজমুল বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। হ্যাঁ, আবহাওয়াটা একটু ভিন্ন। ওখানকার তুলনায় একটু ঠান্ডা, বাতাসটাও বেশি। তবে আমার মনে হয়, দুই দিনের অনুশীলনে সবাই মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছে।’
প্রস্তুতি প্রসঙ্গে পরে আরেক প্রশ্নের জবাবেও একই বিষয় তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক। নতুন কন্ডিশনে কীভাবে দ্রুত মানিয়ে নেওয়া যায়, গত দুই দিনের অনুশীলনে সেটিই গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি।
নাজমুল বলেন, ‘আমার বিশ্বাস, খেলোয়াড়েরা নতুন করে এই টেস্ট ম্যাচটা শুরু করবে।’
এদিকে দলের মধ্যে থাকা টুকটাক চোটের সমস্যাগুলোও এখন আর বড় কোনো সমস্যা নয় বলে জানিয়েছেন নাজমুল। এর মধ্যে মুশফিকুর রহিমের আঙুলের চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল। আগের দিন অনুশীলনে আঙুলে চোট পাওয়ার পরও তিনি ব্যাটিং করেছেন। আজও ব্যাটিং অনুশীলন করেছেন, তবে তুলনামূলকভাবে কম সময় নিয়ে।
অন্যদিকে ঘাড়ের আড়ষ্টতার কারণে আগের দিন ব্যাটিং অনুশীলন করেননি ডারউইনে সেঞ্চুরি করা ওপেনার তানজিদ হাসান। তবে আজ স্ক্যান করানোর পর নেটে ব্যাটিং করেছেন তিনি। স্ক্যানের রিপোর্টে কী এসেছে, প্রতিবেদন লেখা পর্যন্ত তা জানা যায়নি।
প্রথম টেস্টে না খেলা আরেক টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারও নিজেকে প্রস্তুত রেখেছেন। আজ দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন তিনি।
তানজিদের খেলার বিষয়ে ম্যাচের আগের দিনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারার এটিও একটি কারণ হতে পারে। তাঁর চোট নিয়ে নাজমুল বলেন, ‘তামিমের বিষয়ে যেটা বললেন, আজকের দিনটা ইতিবাচক। তবে কাল সকাল পর্যন্ত আমরা আরেকটু দেখতে চাই। আশা করি, সে ঠিক হয়ে যাবে। আমাদের হাতে সব ধরনের অপশন আছে, তাই মনে হয় না খুব বেশি সমস্যা হবে।’
সব মিলিয়ে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরে আপাতত স্বস্তিই ফিরেছে। মুশফিকুর রহিম ও তানজিদ হাসানের চোট নিয়ে বড় কোনো শঙ্কা নেই বলেই জানিয়েছেন অধিনায়ক।
নাজমুলের ভাষায়, ‘মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছে। তামিমও (তানজিদ) আজকে ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমার মনে হয়, কাল সকালে আমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারব।’