কুবির তিন ইউনিটের মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ AM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের বিভাগভিত্তিক প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১২ এপ্রিল শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (২২ ফেব্রুয়ারি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আজ দিবাগত রাত ১২টা থেকে ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে ভর্তিচ্ছুরা নিজ নিজ প্যানেলে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এছাড়া শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

এছাড়াও মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন সময় (সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট) সংশ্লিষ্ট অনুষদের ইউনিট অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে বিভাগীয় কার্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন সাপেক্ষে এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় ৫ শিক্ষকের নাম

ভর্তি ফি বাবদ শিক্ষার্থীদের ১৪ হাজার ৬০০ টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে। পাশাপাশি ডিন অফিস উন্নয়ন ফি ও বিভাগীয় উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশন অন অথবা অফ করার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে একবার মাইগ্রেশন ‘অফ’ করলে পরবর্তীতে তা ‘অন’ করার সুযোগ থাকবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সকল ভর্তি কার্যক্রম সম্পন্নের পর আগামী ১২ এপ্রিল থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। ভর্তি–সংক্রান্ত হালনাগাদ তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬