ভর্তি পরীক্ষার্থী © সংগৃহীত
কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হচ্ছে বুধবার (২৫ নভেম্বর) থেকে। ভর্তি আবেদনের ক্ষেত্রে এসব বিশ্ববিদ্যালয় জিপিএ শর্ত কমিয়েছে বা শিথিল করেছে। এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটে আবেদনের মোট ও পৃথক জিপিএ শর্ত কমানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ‘ই’ ইউনিটেও গত বছরের তুলনায় ন্যূনতম মোট জিপিএ কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে ‘সি’ ইউনিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।
কৃষিগুচ্ছের ক্ষেত্রে আগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ ৪ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৮ দশমিক ৫ থাকতে হতো। এবার চতুর্থ বিষয়সহ উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ এবং মোট জিপিএ ৮ থাকলেই আবেদন করা যাবে।
আবেদন যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ খুঁটিনাটি জেনে নিন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আবেদনকারীদের যোগ্যতা
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদনের ক্ষেত্রে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। একইসঙ্গে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।
চারুকলা অনুষদভুক্ত ইউনিট ‘ই’-এর ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
উল্লেখ্য, যে সব শিক্ষার্থী (সর্বোচ্চ ২ বিষয়ে অনুত্তীর্ণ) এইচএসসি/সমমান সম্পূরক পরীক্ষা ২০২৬ এ অংশগ্রহণ করবে, সে সব শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিটের ভর্তির জন্য এসএসসি/সমমানের পরীক্ষার যোগ্যতার শর্ত সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
তবে, যদি কোনো শিক্ষার্থী এইচএসসি/সমমান সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিটের ভর্তির জন্য নির্ধারিত ভর্তি যোগ্যতা পূরণে ব্যর্থ হয় তাহলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।
বিদেশি (Foreign national) শিক্ষার্থীরাও ভর্তির জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তির জন্য নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এ পাওয়া যাবে।

আবেদন ফি ও নিয়মাবলি
আবেদনকারীকে অনলাইনে আবেদন ফি হিসেবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে ১,২০০/- (এক হাজার দুইশত টাকা) এবং ‘ই’ ইউনিটের জন্য ১,৫০০/- (এক হাজার পাঁচশত টাকা) প্রদান করতে হবে। আবেদন করার নিয়ম, ভর্তির বিস্তারিত তথ্য, আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) প্রকাশিত ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষা
১ জানুয়ারি ইউনিট-এ (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ৮ জানুয়ারি ইউনিট-ই (চারুকলা অনুষদ), ১৫ জানুয়ারি ইউনিট-বি (কলা অনুষদ ও আইন অনুষদ), ২২ জানুয়ারি ইউনিট-সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ২৩ জানুয়ারি ইউনিট-ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।
কৃষিগুচ্ছ
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ২০২৫ সালে এসএসসি বা সমমানের মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
ও এবং এ লেভেল পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে বিজ্ঞানের অন্তত দুটি বিষয়সহ উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এ ক্ষেত্রে এ ও বি গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।
কোটায় আবেদনের সুযোগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩ শতাংশ, প্রকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতি প্রার্থীদের জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ শতাংশ কোটা রাখা হয়েছে। কোটায় আবেদন করতে হলে নির্ধারিত স্থানে টিক চিহ্ন দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রমাণপত্র অনলাইনে আপলোড করতে হবে। প্রতিটি নথি সর্বোচ্চ ২ মেগাবাইটের পিডিএফ ফরম্যাটে জমা দিতে হবে।
মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বাবা-মায়ের অনুকূলে সরকার স্বীকৃত মুক্তিযোদ্ধার সনদপত্রের কপি জমা দিতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতি প্রার্থীদের নিজ নিজ জেলা প্রশাসকের দেওয়া স্থায়ী বাসিন্দার প্রত্যয়নপত্র এবং প্রতিবন্ধী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের দেওয়া প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

আবেদন ফি ও কেন্দ্র নির্বাচন
আগামী ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি ১ হাজার ৬০০ টাকা, যা অফেরতযোগ্য। মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্ধারিত নিয়মে ফি পরিশোধ করতে হবে। এক্ষেত্রে লেনদেনের অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে। আবেদনকারীদের কেন্দ্রের তালিকা থেকে ১ থেকে ৯ পর্যন্ত পছন্দক্রম উল্লেখ করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে আবেদনকারীর পছন্দক্রম এবং আবেদন ফি জমা দেওয়ার তারিখ ও সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে। প্রয়োজনে এক বা একাধিক উপকেন্দ্রেও পরীক্ষা নেওয়া হতে পারে।
ভর্তি পরীক্ষার নম্বর ও মানবণ্টন
আগামী ২ জানুয়ারি শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে।
পরীক্ষায় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বর থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে
কৃষি গুচ্ছের আওতায় থাকা ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৩ হাজার ৭৯৫টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন রয়েছে।