প্রতীকী ছবি © সংগৃহীত
অবশেষে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহাকে সরকারি ছুটির দিন হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। নতুন আইনে দুই ঈদকে অঙ্গরাজ্যের সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) গভর্নর গ্যাভিন নিউসম এ-সংক্রান্ত অ্যাসেম্বলি বিল ২০১৭-এ স্বাক্ষর করেন। খবর আনাদুলু এজেন্সির
নতুন আইন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির ক্যালেন্ডারে ঈদুল ফিতর ও ঈদুল আজহা যুক্ত হবে। তবে এর অর্থ এই নয় যে অঙ্গরাজ্যের সব সরকারি প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে ওই দুই দিন বন্ধ থাকবে।
আইনে বলা হয়েছে, স্থানীয় প্রক্রিয়ার মাধ্যমে সরকারি স্কুল ও কমিউনিটি কলেজগুলো দুই ঈদে ছুটি দিতে পারবে। একই সঙ্গে যোগ্য অঙ্গরাজ্য সরকারি কর্মীরা এসব ছুটির জন্য বিদ্যমান নিয়ম অনুযায়ী হলিডে ক্রেডিট পাওয়ার সুযোগ পাবেন।
আইনে আরও বলা হয়েছে, ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে অঙ্গরাজ্যের সরকারি ছুটির স্বীকৃতি দেওয়া মূলত একটি নাগরিক ক্যালেন্ডারভিত্তিক সিদ্ধান্ত। এর মাধ্যমে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের কাছে এই দুই ধর্মীয় উৎসবের সাংস্কৃতিক গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে মুসলিমরা পবিত্র রমজান মাসের রোজা শেষে ঈদুল ফিতর উদযাপন করেন। আর ঈদুল আজহা পবিত্র হজ পালনের সময় উদযাপন করা হয়।
অ্যাসেম্বলি বিল ২০১৭-এর মাধ্যমে ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি দেওয়ার উদ্যোগটি অঙ্গরাজ্যের আইনসভায় পাস হওয়ার পর গভর্নরের অনুমোদন পায়। ক্যালিফোর্নিয়ার গভর্নরের সরকারি আইন-সইয়ের তালিকাতেও বিলটি ‘State holidays: Eid’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগেও ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন ধর্মীয় উৎসবকে সরকারি ক্যালেন্ডারে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই আইনের ফলে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ক্ষেত্রেও একই ধরনের স্বীকৃতি যুক্ত হলো।