মহাকাশে ধ্বনিত হলো আল্লামা ইকবালের কবিতা © টিডিসি সম্পাদিত
চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে ভেসে পাকিস্তানের জাতীয় কবি মুহাম্মদ ইকবালের কবিতা আবৃত্তি করেছেন দেশটির প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) পাঁচ চীনা সহযাত্রীর সামনে পাকিস্তানের পতাকাসংবলিত নীল পোশাক পরে কবিতার দুটি পঙ্ক্তি আবৃত্তি করেন তিনি। পরে চীনা সহযাত্রীদের জন্য ম্যান্ডারিন ভাষায় কবিতাটির অর্থও ব্যাখ্যা করেন। খবর আল জাজিরার
প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশ স্টেশনে ভেসে থাকা অবস্থায় জিশান আলী ইকবালের বিখ্যাত কবিতার দুটি পঙ্ক্তি আবৃত্তি করেন। তিনি বলেন, ‘সিতারোঁ সে আগে জাহাঁ অউর ভি হ্যায়/ আভি ইশক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়।’
আবৃত্তির সময় দুই পঙ্ক্তির মাঝে কিছুক্ষণ বিরতি নেন তিনি। এরপর প্রথম পঙ্ক্তির অংশ পুনরাবৃত্তি করে কবিতাটি শেষ করেন। পরে ম্যান্ডারিন ভাষায় সহযাত্রীদের উদ্দেশে বলেন, ‘তারাদের ওপারেও অসংখ্য জগৎ রয়েছে, আর সামনে এখনো অসংখ্য পরীক্ষা বাকি।’
কবিতা আবৃত্তি শেষে ধন্যবাদ জানিয়ে হাসিমুখে থামেন জিশান। এ সময় তার চীনা সহযাত্রীরা করতালি ও উল্লাসের মাধ্যমে তাকে অভিনন্দন জানান। পরে সবাই একসঙ্গে ভেসে থেকে আলিঙ্গন ও আনন্দে মেতে ওঠেন।
তবে মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ১৯৮৪ সালে মহাকাশে যাওয়া ভারতের প্রথম নভোচারী রাকেশ শর্মাও ইকবালের কবিতার পঙ্ক্তি উল্লেখ করেছিলেন। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহাকাশ থেকে ভারতকে কেমন দেখাচ্ছে জানতে চাইলে তিনি ইকবালের বিখ্যাত দেশাত্মবোধক কবিতা ‘সারে জাহাঁ সে আচ্ছা’র কথা তুলে ধরেন।
১৯৯৭ সালে ভারতীয় বংশোদ্ভূত আরেক নভোচারী কল্পনা চাওলার সঙ্গে মহাকাশ থেকে কথোপকথনের সময় ইকবালের কবিতা আবৃত্তি করেছিলেন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল। তিনি জিশান আলীর আবৃত্তি করা একই কবিতার প্রথম পঙ্ক্তিটি উল্লেখ করেছিলেন।
কে ছিলেন ইকবাল?
মুহাম্মদ ইকবাল ছিলেন কবি, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ। বিংশ শতাব্দীর শুরুর দিকে দক্ষিণ এশিয়ার মুসলিম রাজনীতির চিন্তাধারা গঠনে তার ভূমিকা ছিল। ১৮৭৭ সালের ৯ নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন তিনি। লাহোর, ইংল্যান্ড ও জার্মানিতে পড়াশোনা করেন ইকবাল। আইন বিষয়ে যোগ্যতা অর্জনের পাশাপাশি দর্শনে ডক্টরেট ডিগ্রিও লাভ করেন।
দক্ষিণ এশিয়ায় তিনি ‘আল্লামা’ নামে পরিচিত। ফারসি ও উর্দু ভাষায় মূলত কবিতা লিখতেন তিনি। তার ফারসি কবিতার কারণে ইরানেও ব্যাপক পরিচিতি রয়েছে। সেখানে তিনি ‘ইকবাল-ই-লাহোরি’ নামে পরিচিত।
১৯৩০ সালে এলাহাবাদে সর্বভারতীয় মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে সভাপতির বক্তব্যে পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তানকে একত্র করে একটি স্বশাসিত রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন তিনি। যদিও ওই বক্তব্যে ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার করেননি, তবে তার প্রস্তাবকে পরবর্তী সময়ে পাকিস্তান প্রতিষ্ঠার বুদ্ধিবৃত্তিক ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।
১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মারা যান ইকবাল। তার মৃত্যুর নয় বছর পর ১৯৪৭ সালে দেশভাগের মধ্য দিয়ে পাকিস্তানের জন্ম হয়।
মহাকাশে ইকবালের কবিতা যেভাবে পৌঁছেছিল
ভারতের প্রথম নভোচারী রাকেশ শর্মা ১৯৮৪ সালের ৩ এপ্রিল সোভিয়েত ইউনিয়নের সয়ুজ টি-১১ অভিযানে মহাকাশে যান। তিনি স্যালিউট-৭ মহাকাশ স্টেশনে প্রায় আট দিন অবস্থান করেন। ওই বছরের এপ্রিলে টেলিভিশনে সম্প্রচারিত এক কথোপকথনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে প্রশ্ন করেন, ‘ওপর থেকে ভারতকে কেমন দেখাচ্ছে?’
জবাবে শর্মা বলেন, ‘জি, আমি কোনো দ্বিধা ছাড়াই বলতে পারি, সারে জাহাঁ সে আচ্ছা।’ অর্থাৎ, ‘পুরো বিশ্বের চেয়েও সুন্দর।’
তার এই উত্তর ছিল ইকবালের ১৯০৪ সালে লেখা বিখ্যাত কবিতা ‘তারানা-ই-হিন্দি’র একটি পঙ্ক্তির উল্লেখ। কবিতাটির ‘সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা’ পঙ্ক্তিটি ভারতের অন্যতম জনপ্রিয় দেশাত্মবোধক গানে পরিণত হয়েছে। দেশটির স্বাধীনতা আন্দোলনের সময়ও গানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
১৯৯৭ সালে মহাকাশে কল্পনা চাওলার সঙ্গে কথোপকথনের সময়ও ইকবালের কবিতার প্রসঙ্গ তোলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল। তিনি বলেন, ‘আমাদের উপমহাদেশে বহুল পরিচিত একজন কবি ইকবালের একটি কথা আছে।’
এরপর তিনি সেই একই কবিতার প্রথম পঙ্ক্তিটি আবৃত্তি করেন, যা প্রায় তিন দশক পর মহাকাশে আবৃত্তি করেন পাকিস্তানের নভোচারী জিশান আলী।