নিখোঁজ পাইলটকে ‘জীবিত’ ধরিয়ে দিলে ১০ বিলিয়ন তুমান পুরস্কার ঘোষণা

০৪ এপ্রিল ২০২৬, ০১:৩১ PM
যুদ্ধবিমান

যুদ্ধবিমান © সংগৃহীত

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক পাইলটকে জীবিত অবস্থায় ধরিয়ে দিলে ১০ বিলিয়ন তুমান পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের গভর্নর এই পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

এর আগে গতকাল শুক্রবার একটি ইরানি টেলিভিশন চ্যানেল নিখোঁজ মার্কিন ক্রুকে খুঁজে পেতে সাধারণ নাগরিকদের পুরস্কারের ঘোষণা দেয়। চ্যানেলের সংবাদ উপস্থাপক এক ঘোষণায় বলেন, ‘সামরিক বাহিনী নিখোঁজ মার্কিন ক্রুকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে। কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের নাগরিকেরা, আপনারা যদি শত্রুপক্ষের পাইলট বা ক্রুদের জীবিত ধরে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দেন, আপনাদের মূল্যবান পুরস্কার দেওয়া হবে।’

কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশটি একটি দুর্গম পাহাড়ি অঞ্চল, যার আয়তন প্রায় ১৫ হাজার ৫০০ বর্গকিলোমিটার। এ প্রদেশের পাশাপাশি পার্শ্ববর্তী চাহারমহল ও বখতিয়ারি প্রদেশেও সাধারণ মানুষকে তল্লাশি চালানোর আহ্বান জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

একই সঙ্গে টেলিভিশনের স্ক্রিনে প্রচারিত বার্তায় সন্দেহভাজন কাউকে দেখামাত্র ‘গুলি করার’ আহ্বান জানানো হয়। তবে পরে ইরানের সশস্ত্র বাহিনী সাধারণ মানুষকে সতর্ক করে জানায়, নিখোঁজ পাইলটের সঙ্গে যেন কোনো ধরনের দুর্ব্যবহার না করা হয়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক বার্তায় জানায়, দক্ষিণ-পশ্চিম ইরানের অনেক মানুষ ইতোমধ্যে পাইলটকে ধরার জন্য দুর্ঘটনাস্থলের দিকে গেছেন। তবে তাদের নিশ্চিত করতে হবে, যেন ওই পাইলট কোনোভাবেই লাঞ্ছিত না হন।

পুরস্কার ঘোষণার পর স্থানীয় অনেক নাগরিক ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলেও জানা গেছে।

এদিকে দ্য নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি ছিল ‘এফ-১৫ই’ মডেলের, যেখানে সাধারণত একজন পাইলট ও একজন অস্ত্র-ব্যবস্থা কর্মকর্তা থাকেন।

সংবাদমাধ্যম এক্সিওস ও সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, বিমানের দুই ক্রুর মধ্যে একজনকে ইতোমধ্যে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে, তবে অন্যজন এখনও নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে পেতে তল্লাশি চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মার্কিন হেলিকপ্টার ও অন্যান্য বিমান নিখোঁজ সেনার খোঁজে ইরানের পাহাড়ি এলাকার অনেক উঁচু দিয়ে টহল দিচ্ছে।

এমন এক সময়ে এ ঘটনা ঘটল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও ইরান আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬