রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও লোগো © সংগৃহীত
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেশীয় র্যাঙ্কিংয়ে একই অবস্থানে থাকলেও পিছিয়েছে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে। ৩৭ ধাপ পিছিয়ে ৩৪৯তম অবস্থানে গিয়ে ঠেকেছে এ বিশ্ববিদ্যালয়। যা গত বছরে ছিল ৩১২তম ও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৭ম।
গতকাল ৩ নভেম্বর (বুধবার) র্যাঙ্কিং মূল্যায়নকারী এই প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।
এবারের র্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় স্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় নিয়ে করা র্যাঙ্কিংয়ের বিষয়ে অন্যতম একটি হলো কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিং। কিউএস প্রতিবছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক একটি র্যাঙ্কিং প্রকাশ করে। এই র্যাঙ্কিং প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মধ্যে অ্যাকাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, প্রাতিষ্ঠানিক সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হার বিচার করেই এ তালিকা করা হয়।
র্যাঙ্কিংয়ে শীর্ষ ২০-এ থাকা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো ১৩৬তম ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৪৯তম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ১৭৯তম বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট), ২১৬তম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ২৭১তম ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ৩২৯তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩৪৯তম রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৩৫২তম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৩৭০তম খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ৩৭৮তম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ৪০৭তম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়), ৪১৫তম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৪৫তম খুলনা বিশ্ববিদ্যালয়।
৪৫২তম ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ৫০৪তম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ৫০৯তম ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ৫১৭তম ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট), ৫৩৪তম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ৫৪২তম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ৫৪৯তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।