ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল ৩ বিশ্ববিদ্যালয়

০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন জিপিএ শর্ত কমিয়েছে তিন বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা কিছুটা কমানোর বিষয়টি বিবেচনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত ও প্রকাশিত বিজ্ঞপ্তি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
গত ৯ আগস্ট জবি উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীনের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম সভার বিশেষ অধিবেশনে এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটে আবেদনের মোট ও পৃথক জিপিএ শর্ত কমানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ‘ই’ ইউনিটেও গত বছরের তুলনায় ন্যূনতম মোট জিপিএ কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে ‘সি’ ইউনিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। 

সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। একই সঙ্গে কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।

চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।

গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ এবং পৃথকভাবে কমপক্ষে ৩.২৫ প্রয়োজন ছিল। ‘বি’ ইউনিটে মোট জিপিএ ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০, ‘সি’ ইউনিটে মোট ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০ এবং ‘ডি’ ইউনিটে মোট ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০ জিপিএ প্রয়োজন ছিল। ‘ই’ ইউনিটে গত বছর মোট জিপিএর ন্যূনতম শর্ত ছিল ৬.০০।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
এইচএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলকভাবে খারাপ হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ শাখার শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭.০০ নির্ধারিত ছিল।

অন্যদিকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।  গত শিক্ষাবর্ষে এ শাখার শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ নির্ধারিত ছিল।

তবে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যোগ্যতার শর্ত শিথিল হতে পারে বলেও সভায় আলোচনা করা হয়েছে। 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/ কারিগরি শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি এ চার বিষয়ে কমপক্ষে মোট জিপিএ ১৬.০০ অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাস হতে হবে। ২০২৫ শিক্ষাবর্ষে এই চার বিষয়ে জিপিএ যোগ্যতা ছিল ১৮। তবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীব বিজ্ঞানে কমপক্ষে জিপি ৪.০০ থাকতে হবে। এছাড়া বিদেশি শিক্ষা বোর্ড থেকে পাসকৃত প্রার্থীদেরকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে সমতুল্য গ্রেড পেয়ে পাস হতে হবে।  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শর্ত কমানোর আলোচনা
 ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা কিছুটা কমানোর বিষয়টি বিবেচনা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

তিনি বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল বিগত বছরগুলোর তুলনায় খারাপ হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার হারও কমেছে। সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতার ক্ষেত্রে কিছুটা শিথিল করা যেতে পারে। তবে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কমিটি, অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

সমবায় ব্যাংকের নতুন চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী: ত্যাগ ও স…
  • ০৪ নভেম্বর ২০২৬
মিশিগান থেকে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল সাঈদ, যুক্তরাষ্ট্…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিসিএসের ফল জালিয়াতি করতে চুক্তিভিত্তিক দলীয় ‘সিস্টেম অ্যাড…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ পেছাল রাবি
  • ০৪ নভেম্বর ২০২৬
মানহীন মেডিকেল কলেজ কাউকে করতে দেওয়া হবে না
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশে কেনা হচ্ছে ‘বিশেষায়িত ও অপারেশনাল যান’, একনেকে অনুমো…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950