টানা দুই বিসিএসে ক্যাডার সুপারিশ পেলেন রুয়েট শিক্ষার্থী রেজওয়ান

২৯ জুন ২০২৬, ১২:১৩ PM
আবু সাঈদ মো. রেজওয়ান

আবু সাঈদ মো. রেজওয়ান © সংগৃহীত

টানা দুই বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় ক্যাডার সুপারিশ পেয়ে অনন্য কৃতিত্ব দেখিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ মো. রেজওয়ান। ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে জাতীয় মেধাক্রমে ১৬তম হওয়ার পর এবার ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে তিনি কর ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

রবিবার (২৮ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ফলাফলে দেখা যায়, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ওই তালিকায় কর ক্যাডারে স্থান করে নিয়ে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছেন রুয়েটের এই মেধাবী শিক্ষার্থী।

রেজওয়ানের শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। পরে তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর রুয়েটের সিএসই বিভাগে ভর্তি হয়ে একাডেমিক উৎকর্ষ, অধ্যবসায় ও লক্ষ্যনিষ্ঠার মাধ্যমে নিজেকে দক্ষ ও প্রতিযোগিতামুখী হিসেবে গড়ে তোলেন।

নিজের অনুভূতি জানিয়ে রেজওয়ান বলেন, ‘আল্লাহর রহমত, বাবা-মায়ের দোয়া এবং শিক্ষকদের দিকনির্দেশনা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। টানা দুই বিসিএসে ভালো ফল করার পেছনে নিয়মিত পড়াশোনা, ধৈর্য এবং নিজের ওপর আস্থা রাখা সবচেয়ে বেশি সহায়ক ছিল। যারা বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন, তাদের বলব, পরিকল্পনা মেনে পড়াশোনা করুন, হতাশ না হয়ে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যান, সাফল্য আসবেই ইনশাআল্লাহ।’

টানা দুই বিসিএসে সাফল্য অর্জনের মাধ্যমে রেজওয়ান রুয়েটের গৌরব আরও উজ্জ্বল করেছেন। বিশেষ করে ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে জাতীয় মেধাক্রমে ১৬তম স্থান অর্জন এবং ৪৭তম বিসিএসে কর ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া তার ধারাবাহিক প্রস্তুতি, মেধা ও কঠোর পরিশ্রমের উজ্জ্বল স্বীকৃতি।

এই গৌরবোজ্জ্বল অর্জনে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তার উত্তরোত্তর সাফল্য ও কর্মজীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

এইচএসসি: জীবন গড়ার টার্নিং পয়েন্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডুমস্ক্রোলিং: অন্তহীন স্ক্রলে হারিয়ে যাওয়া মন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ছেড়ে ঢাবির আইনে ভর্তি, প্রথমবারেই বিচারক হলেন শাওলিন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬