বিশ্ব পুরুষ দিবস
দেশে পুরুষদের মধ্যে একাধিকবার বিয়ে করার প্রবণতা আগের তুলনায় কমেছে © টিডিসি সম্পাদিত
এক যুগে দেশে কখনো বিয়ে করেননি এমন পুরুষের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১১ সালে ১০ বছর ও তদূর্ধ্ব বয়সী পুরুষদের ৫২ দশমিক ৮৬ শতাংশ কখনো বিয়ে করেননি। ২০২৩ সালে এ হার কমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ১৫ শতাংশে। অর্থাৎ ১২ বছরের ব্যবধানে বিয়ে না করা পুরুষের হার কমেছে ১৭ দশমিক ৭১ শতাংশ। পাশাপাশি নারীদের ক্ষেত্রেও একই সময়ে অবিবাহিত থাকার হার কমেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩’ -এর তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। জরিপে ২০০৪, ২০১১ ও ২০২৩ সালের বৈবাহিক অবস্থার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।
অবিবাহিত পুরুষ ও নারীর হার কমেছে
দেশে ১০ বছর ও তদূর্ধ্ব বয়সী পুরুষদের মধ্যে কখনো বিয়ে করেননি এমন হার এক যুগের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১১ সালে যেখানে এ বয়সী পুরুষদের অর্ধেকের বেশি অবিবাহিত ছিলেন, ২০২৩ সালে তা কমে প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে। বিপরীতে, জীবনে অন্তত একবার বিয়ে করেছেন এমন পুরুষের হার বেড়েছে।
বিবিএসের জরিপ অনুযায়ী, ২০০৪ সালে পুরুষদের অবিবাহিত থাকার হার ছিল ৪১ দশমিক ৪৭ শতাংশ। ২০১১ সালে তা বেড়ে ৫২ দশমিক ৮৬ শতাংশে পৌঁছায়। তবে ২০২৩ সালে কমে দাঁড়ায় ৩৫ দশমিক ১৫ শতাংশে। অর্থাৎ ২০১১ সালের তুলনায় ২০২৩ সালে অবিবাহিত পুরুষের হার কমেছে ১৭ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট। অন্যদিকে, জীবনে অন্তত একবার বিয়ে করেছেন এমন পুরুষের হার ২০১১ সালের ৪৭ দশমিক ১৪ শতাংশ থেকে বেড়ে ২০২৩ সালে ৬৪ দশমিক ৮৫ শতাংশ হয়েছে।
শুধু বর্তমানে বিবাহিত পুরুষের হার বিবেচনা করলেও একই প্রবণতা দেখা যায়। ২০১১ সালে এ হার ছিল ৪৬ দশমিক ৩৭ শতাংশ, যা ২০২৩ সালে বেড়ে ৬৩ দশমিক ৩০ শতাংশ হয়েছে। অর্থাৎ এক যুগে বর্তমানে বিবাহিত পুরুষের হার বেড়েছে ১৬ দশমিক ৯৩ শতাংশ পয়েন্ট।
এদিকে পাশাপাশি নারীদের মধ্যেও অবিবাহিত থাকার হার কমেছে। এক যুগের ব্যবধানে নারীদের ক্ষেত্রে এ হার কমেছে ১৯ দশমিক ১৫ শতাংশ পয়েন্ট, যা পুরুষদের তুলনায় ১ দশমিক ৪৪ শতাংশ পয়েন্ট বেশি। তবে সর্বশেষ জরিপেও পুরুষদের মধ্যে অবিবাহিত থাকার হার নারীদের তুলনায় বেশি রয়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০০৪ সালে ১০ বছর ও তদূর্ধ্ব বয়সী নারীদের মধ্যে অবিবাহিত থাকার হার ছিল ২৭ দশমিক ১২ শতাংশ। ২০১১ সালে তা বেড়ে ৪১ দশমিক ৫৯ শতাংশ হয়। ২০২৩ সালে কমে দাঁড়ায় ২২ দশমিক ৪৪ শতাংশে। অর্থাৎ ২০১১ সালের তুলনায় এ হার কমেছে ১৯ দশমিক ১৫ শতাংশ পয়েন্ট। অন্যদিকে, ২০২৩ সালে পুরুষদের ৩৫ দশমিক ১৫ শতাংশ কখনো বিয়ে করেননি। ফলে অবিবাহিত থাকার হারে নারী-পুরুষের ব্যবধান দাঁড়িয়েছে ১২ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।
বর্তমানে বিবাহিত নারীর হারও বেড়েছে। ২০১১ সালে এ হার ছিল ৫০ দশমিক ৯৬ শতাংশ, যা ২০২৩ সালে বেড়ে ৬৭ দশমিক ৫৬ শতাংশ হয়েছে। পুরুষদের ক্ষেত্রে একই সময়ে বর্তমানে বিবাহিতের হার ৪৬ দশমিক ৩৭ শতাংশ থেকে বেড়ে ৬৩ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে।
পুরুষের পুনর্বিবাহের হার কমেছে ৪৩ শতাংশ
দেশে পুরুষদের মধ্যে একাধিকবার বিয়ে করার প্রবণতা আগের তুলনায় কমেছে। ২০১১ সালে যে হারে পুরুষেরা পুনর্বিবাহ করেছিলেন, ২০২৩ সালে সেই হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। নারীদের মধ্যেও একই সময়ে পুনর্বিবাহের হার কমেছে। তবে তিনটি জরিপ বছরেই পুরুষদের তুলনায় নারীদের মধ্যে একাধিকবার বিয়ের প্রবণতা কম ছিল।
বিবিএসের জরিপ অনুযায়ী, ২০০৪ সালে পুরুষদের মধ্যে একাধিকবার বিয়ের হার ছিল ৫ দশমিক ৭২ শতাংশ। ২০১১ সালে তা বেড়ে ৬ দশমিক ৩৩ শতাংশে পৌঁছায়। তবে পরবর্তী ১২ বছরে এ হার কমে ২০২৩ সালে ৩ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ ২০১১ সালের তুলনায় ২০২৩ সালে পুরুষদের পুনর্বিবাহের হার কমেছে ২ দশমিক ৭২ শতাংশ পয়েন্ট বা প্রায় ৪৩ শতাংশ।
বিপরীতে, একবার বিয়ে করেছেন এমন পুরুষের হার ২০০৪ সালে ছিল ৯৪ দশমিক ২৮ শতাংশ এবং ২০১১ সালে ৯৩ দশমিক ৬৭ শতাংশ। ২০২৩ সালে তা বেড়ে ৯৬ দশমিক ৩৯ শতাংশ হয়েছে।
নারীদের ক্ষেত্রেও একাধিকবার বিয়ের প্রবণতা কমেছে। ২০০৪ সালে নারীদের মধ্যে পুনর্বিবাহের হার ছিল ২ দশমিক ২৯ শতাংশ, ২০১১ সালে ২ দশমিক ০৫ শতাংশ এবং ২০২৩ সালে তা কমে ১ দশমিক ২৫ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ ২০১১ সালের তুলনায় ২০২৩ সালে নারীদের পুনর্বিবাহের হার কমেছে প্রায় ৩৯ শতাংশ। সর্বশেষ জরিপে একবার বিয়ে করেছেন এমন নারীর হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭৫ শতাংশে।
বর্তমানে ৬৫ শতাংশের বেশি মানুষ বিবাহিত
দেশের ১০ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ বর্তমানে বিবাহিত। এ বয়সসীমার প্রায় ২৯ শতাংশ এখনো অবিবাহিত। অন্যদিকে, বিধবা বা বিপত্নীক, তালাকপ্রাপ্ত এবং দাম্পত্য বিচ্ছিন্ন অবস্থায় থাকা মানুষের হার তুলনামূলকভাবে কম।
বিবিএসের জরিপ অনুযায়ী, জাতীয় পর্যায়ে ১০ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর ৬৫ দশমিক ৪৬ শতাংশ বর্তমানে বিবাহিত। অবিবাহিত ২৮ দশমিক ৭৩ শতাংশ। এছাড়া ৫ দশমিক ০২ শতাংশ বিধবা বা বিপত্নীক, ০ দশমিক ৪১ শতাংশ তালাকপ্রাপ্ত এবং ০ দশমিক ৩৮ শতাংশ দাম্পত্য বিচ্ছিন্ন।
নারী-পুরুষের হিসাবে দেখা যায়, পুরুষদের মধ্যে বর্তমানে বিবাহিত ৬৩ দশমিক ৩০ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে এ হার ৬৭ দশমিক ৫৬ শতাংশ। পুরুষদের অবিবাহিত থাকার হার ৩৫ দশমিক ১৫ শতাংশ, নারীদের ক্ষেত্রে ২২ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে, বিধবা নারীর হার ৮ দশমিক ৮৪ শতাংশ এবং বিপত্নীক পুরুষের হার ১ দশমিক ১৩ শতাংশ।
পুরুষের প্রথম বিয়ের গড় বয়স ২৪, নারীর ১৭ বছর
প্রথম বিয়ের ক্ষেত্রে নারী ও পুরুষের গড় বয়সের মধ্যে প্রায় সাত বছরের ব্যবধান রয়েছে। পুরুষেরা গড়ে প্রায় ২৫ বছর বয়সে প্রথম বিয়ে করলেও নারীদের ক্ষেত্রে এ বয়স ১৮ বছরের নিচে। আগের জরিপের সঙ্গে তুলনায় পুরুষদের প্রথম বিয়ের গড় বয়স বাড়লেও নারীদের ক্ষেত্রে তা ২০০৪ সালের তুলনায় এখনো কম রয়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পুরুষদের প্রথম বিয়ের গড় বয়স ২৪ দশমিক ৮৭ বছর এবং নারীদের ১৭ দশমিক ৯৪ বছর। ২০০৪ সালে পুরুষদের ক্ষেত্রে এ বয়স ছিল ২৪ দশমিক ২ বছর, যা ২০১১ সালে কমে ২৪ বছর হয়েছিল। ২০২৩ সালে তা বেড়ে ২৪ দশমিক ৮৭ বছর হয়েছে।
অন্যদিকে, নারীদের প্রথম বিয়ের গড় বয়স ২০০৪ সালে ছিল ১৯ দশমিক ৩ বছর। ২০১১ সালে তা কমে ১৭ দশমিক ৬ বছর হয়। ২০২৩ সালে সামান্য বেড়ে ১৭ দশমিক ৯৪ বছর হয়েছে।
মুসলমানদের বিয়ে নিবন্ধনের হার ৮৮ শতাংশের বেশি
দেশে মুসলমান জনগোষ্ঠীর মধ্যে বিয়ে নিবন্ধনের হার ৮৮ শতাংশের বেশি। তবে মুসলমান ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে এ হার তুলনামূলকভাবে কম। বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে ধর্মভেদে এই পার্থক্য জরিপের তথ্যে উঠে এসেছে।
বিবিএসের জরিপ অনুযায়ী, ১০ বছর ও তদূর্ধ্ব বয়সী মুসলমান জনগোষ্ঠীর মধ্যে জীবনের কোনো না কোনো সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এমন ব্যক্তিদের ৮৮ দশমিক ৭৩ শতাংশের বিয়ে নিবন্ধিত হয়েছে। মুসলমান ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে বিয়ে নিবন্ধনের হার ৩৬ দশমিক ২৩ শতাংশ।