সাদ আল আমিন © টিডিসি ছবি
মাদরাসায় পড়াশোনা, এরপর চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন নিয়ে এগিয়ে চলা। সেই স্বপ্নের পথ ধরেই যুক্তরাষ্ট্রের নক্স কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে উচ্চশিক্ষার সুযোগ, সঙ্গে প্রায় তিন কোটি টাকার সমমূল্যের বৃত্তি। তবে শুধু চলচ্চিত্র নির্মাণেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তরুণ নির্মাতা সাদ আল আমিন। এবার সংগীতশিল্পী হিসেবেও আলোচনায় এসেছেন নিজের গান ‘রঙধনু’ দিয়ে।
মাদরাসার শিক্ষার্থী থেকে আন্তর্জাতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতা অর্জন সাদের এই যাত্রা যেমন ব্যতিক্রমী, তেমনি তাঁর গানের ভাবনাও প্রচলিত ধারার বাইরে।
"নবজাতক
বিয়ের সাজে
কফিন হাতে
ফুলের মালায়"
মাত্র চারটি পঙ্ক্তিতে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের নানা অধ্যায় তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা ও আলোচনা। তবে নিজের ভাবনা শ্রোতাদের ওপর চাপিয়ে দিতে চান না সাদ। তাঁর মতে, প্রত্যেক শ্রোতা নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি দিয়ে গানটির অর্থ খুঁজে নিক।
গানটির পেছনের ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাঁর নিজস্ব ব্যাখ্যা থাকলেও সেটি একান্তই ব্যক্তিগত। শ্রোতাদের কোনো নির্দিষ্ট ব্যাখ্যার গণ্ডিতে বেঁধে দিতে চান না তিনি। প্রচলিত ধারার বাইরে গিয়ে ‘রঙধনু’ তৈরির পেছনে ছিল দীর্ঘদিনের স্বপ্ন ও শেখার অভিজ্ঞতা। সংগীতশিল্পী হওয়ার পাশাপাশি নিজে কম্পোজ করার ইচ্ছাও ছিল তাঁর বহুদিনের। ধীরে ধীরে সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করেছেন। সাদ বলেন, ‘আমরা ভুল করেই শিখি। অবশ্যই রঙধনু কোনো ট্রেডিশনাল সিস্টেমে করিনি, করতেও চাইনি। আমি শুধু চেয়েছি মানুষের জীবনের গল্প বলতে, আমার ছোট্ট কাজগুলোকে তাঁদের জীবনের অংশ বানাতে।’ গানটি প্রকাশের পর শ্রোতাদের ভালোবাসা তাঁকে আবেগাপ্লুত করেছে। তবে জনপ্রিয়তা কিংবা ভাইরাল হওয়াকে কখনোই নিজের কাজের লক্ষ্য হিসেবে দেখেন না তিনি। বরং নিজের পছন্দ ও উপলব্ধি থেকে সৃষ্টিশীল কাজ করে যেতে চান।
তাঁর ভাষায়, ‘রঙধনুর পর দায়িত্ব বেড়েছে। ভাইরাল হওয়া বা জনপ্রিয় হওয়া কখনো আমার লক্ষ্য নয়। আমি শুধু আমার এই ছোট্ট জীবনে মনের পছন্দমতো কাজ করে যেতে চাই।’ গানটির প্রশংসা করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও র্যাপার তবীব মাহমুদ। তাঁদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া সাদের কাছে বিশেষ প্রাপ্তি। ফারুকী ভাইয়ের চলচ্চিত্র দেখে বড় হয়েছেন জানিয়ে সাদ বলেন, তবীব মাহমুদও স্বাধীন সংগীতশিল্পীদের জন্য একটি মানদণ্ড তৈরি করেছেন। তাঁদের কাছ থেকে ভালোবাসা পাওয়া তাঁর জন্য অনেক বড় ব্যাপার। ‘রঙধনু’র পর ‘বারুদ’ নামে আরও একটি গান প্রকাশ করেছেন সাদ। গানটি নিয়েও সামনে বেশ কিছু পরিকল্পনা রয়েছে তাঁর।
তবে সংগীতের এই নতুন পরিচয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণই তাঁর সৃজনশীল পথচলার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মাদরাসায় পড়াশোনা করার কারণে চলচ্চিত্র ও সংগীতের জগতে আসতে কোনো দ্বিধা কাজ করেছে কি না এমন প্রশ্নে সাদ জানান, নিজের কাজের সঙ্গে একাডেমিক পরিচয়কে কখনো আলাদা করে দেখেননি। নিজের মতো করে কাজ করে যেতে চেয়েছেন এবং ভবিষ্যতেও সেই চেষ্টা অব্যাহত রাখতে চান। তাঁর মতে, প্রত্যেক মানুষকে নিজের স্বপ্ন নিজেকেই বাস্তবায়ন করতে হয়। স্বপ্ন দেখতে হবে আকাশসম; কারণ মানবজীবন একটাই, আর এই জীবনে চ্যালেঞ্জ নিয়ে ভিন্নভাবে বাঁচার চেষ্টা করা উচিত।
এই যাত্রায় পরিবার ও শিক্ষকদের কাছ থেকেও সমর্থন পেয়েছেন তিনি। পরিবার কখনো বড় কোনো বাধা দেয়নি। বরং তাঁর শিক্ষকেরা বিভিন্ন সময়ে নিজেদের আবেগ প্রকাশ করে জানিয়েছেন, তাঁরা তাঁদের শিক্ষার্থীকে নিয়ে গর্বিত। ভালো কিংবা খারাপ দুই ধরনের প্রতিক্রিয়াকেই নিজের কাজের অংশ মনে করেন সাদ।
ইতিবাচক মন্তব্য তাঁকে অনুপ্রাণিত করে, আর সমালোচনা নিজের ভুলগুলো বুঝতে সাহায্য করে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মানুষ, আমি ভুল করি। ভুলগুলো ফুল হোক, সেই আশা রাখি।’ দেশের বাইরে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার পেছনেও নিজের সৃজনশীল কাজকে গুরুত্ব দিয়েছেন সাদ।
যুক্তরাষ্ট্রের নক্স কলেজে ভর্তির আবেদনের ক্ষেত্রে আগে নির্মাতা হিসেবে করা কাজগুলোর পোর্টফোলিও তাঁকে সহায়তা করেছে। বাংলাদেশের তরুণদের উদ্দেশে তাঁর পরামর্শ, নিজেকে সময় দিতে হবে এবং নিজের দক্ষতা দিয়ে নিজেকে বিশ্বের সামনে তুলে ধরতে হবে। ছোট গণ্ডিতে আটকে না থেকে বড় স্বপ্ন দেখতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাদের ভাবনায় রয়েছে চলচ্চিত্র ও সংগীত—দুই মাধ্যমেই নিজের সৃজনশীলতা আরও বিস্তৃত করা।
বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে গল্প বলার আগ্রহ রয়েছে তাঁর। এর আগে তিতুমীরকে নিয়ে চলচ্চিত্র বা গল্প নির্মাণের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। উচ্চশিক্ষা শেষে দেশের জন্য কাজ করতে চান এই তরুণ নির্মাতা।
ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকেও নতুন কিছু শেখার চেষ্টা করেন সাদ।তাঁর বাবা তাঁকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতেন—‘তুমি ভুল করে ফেলেছো, এটা সমস্যা নয়। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের জীবনে তা কাজে লাগাতে হবে।’ জীবনের এই দর্শন থেকেই অন্যদের উদ্দেশে তাঁর বার্তা, জীবন সুন্দর। তাই নিজেকে সময় দিতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং নিজের স্বপ্ন বাস্তবায়নে মন খুলে কাজ করে যেতে হবে।