চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাবিপ্রবি শিক্ষক ড. রাশেদ

১১ নভেম্বর ২০২৬, ১০:৫৮ PM
রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রাশেদ

রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রাশেদ © সংগৃহীত

রসায়নে ২০২৬ সালের দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস (টিডব্লিউএএস) আতা-উর-রহমান অ্যাওয়ার্ড অর্জন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রাশেদ। 

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) টিডব্লিউএএস তাদের ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকা দেশগুলোর (এসটিএলসি) ৪৫ বছরের কম বয়সী অসাধারণ রসায়ন গবেষকদের স্বীকৃতি দিতে ২০১২ সাল থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এর আগে ২০১২, ২০১৩ ও ২০২১ সালে তিনজন বাংলাদেশি এ সম্মান অর্জন করেছেন। ড. রাশেদ এ অ্যাওয়ার্ড পাওয়া চতুর্থ বাংলাদেশি। একই সঙ্গে মাভাবিপ্রবি থেকে তিনিই প্রথম গবেষক, যিনি টিডব্লিউএএস-প্রদত্ত কোনো অ্যাওয়ার্ড লাভ করলেন।

ড. রাশেদ অত্যন্ত সংবেদনশীল, নন-এনজাইমেটিক ইলেকট্রোকেমিক্যাল সেন্সর তৈরিতে বিশেষজ্ঞ। তাঁর গবেষণাগারে বিভিন্ন ন্যানোকম্পোজিট উদ্ভাবনের মাধ্যমে এমন সব সেন্সর তৈরি করা হয়, যা অতি সামান্য পরিমাণ বিষাক্ত দূষণকারী পদার্থও শনাক্ত করতে সক্ষম। এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মানজনক এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বলে টিডব্লিউএএসের ওয়েবসাইট সূত্রে জানা গেছে।

অর্জন প্রসঙ্গে ড. আবু রাশেদ বলেন, ‘এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত এবং মহান আল্লাহর কাছে চির কৃতজ্ঞ। এটি ছিল অনেক সময়সাপেক্ষ একটি যাত্রা। বিদেশের গবেষণা-সুবিধার সঙ্গে আমাদের দেশের গবেষণার বাস্তব অবস্থা তুলনা করলে এটি নিঃসন্দেহে একটি বড় প্রাপ্তি।’

দেশে ফেরার পর গবেষণার পুরো কাঠামো তাঁকে নতুন করে গড়ে তুলতে হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শুরুতে পিএইচডি শিক্ষার্থীদের নিয়ে সরাসরি কাজ করার সুযোগ ছিল না। তাই স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়েই আমি একটি গবেষক দল গড়ে তুলি।’

পথচলার চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার তৈরি এক ঝাঁক নিরলস পরিশ্রমী শিক্ষার্থী ও আমার পরিশ্রমকে কেউ ইতিবাচকভাবে নিয়েছেন, কেউ বা নিয়েছেন নেতিবাচকভাবে। তবু আমরা কখনো পরিশ্রম ছেড়ে দিইনি। ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কারোরই স্পষ্ট ধারণা ছিল না। কিন্তু কাজের প্রতি ছিল নিষ্ঠা এবং চোখে ছিল স্বপ্ন। সেই নিরলস পরিশ্রমই একসময় রূপ পেয়েছে এবং আজ আমাদের এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ এবং সাবেক উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাই আমাকে নানাভাবে সহায়তা করেছেন। ব্যক্তিগতভাবে আবেদন করার কোনো সুযোগ ছিল না, তাই পুরো প্রক্রিয়াটি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই সম্পন্ন করতে হয়েছে।’

আবেদনপ্রক্রিয়ায় সততার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও দেশের সুনাম যাতে ক্ষুণ্ণ না হয়, সেজন্য আমি কখনো কোনো অতিরঞ্জিত তথ্য দিইনি।’

মনোনয়ন ও নির্বাচনপ্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, বিষয়টি তাঁর কাছে অনেক আগেই আসে। এরপর তাঁর তথ্য যাচাই-বাছাই করা হয় এবং ফল বা নাম প্রকাশের আগে এ তথ্য কোথাও প্রকাশ না করতে তাঁকে নির্দেশনা দেওয়া হয়।

এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম প্রান্তিকে বিক্রি বেড়েছে ওয়ালটনের, মুনাফা ২২৪.৭৪ কো…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950