প্রাথমিকের শিক্ষকদের নিয়োগ যোগ্যতা উন্নীত হওয়ায় তাদের বেতন গ্রেড উন্নীতকরণেও কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন।মঙ্গলবার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ এর প্রজ্ঞাপন নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এদিকে পদমর্যাদা উন্নীত হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তাদের বেতন ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে উন্নীতকরণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।
সচিব বলেন, ‘শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতকরণের বিষয়টি বিবেচনাধীন আছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও শিক্ষকদের বেতন বৈষ্যম্য দূরীভূতকরণের কথা বলা হয়েছে, এটা নিয়ে আমরা কাজ করছি। অর্থ বিভাগের সাথে আলোচনা করছি, সচিব পর্যায়ে আলোচনার পর বিষয়টি সমাধান না হলে বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে নিয়ে যাব।’
১১তম গ্রেডে বেতন প্রদান ও বৈষম্য নিরসনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি পালনের কথাও জানিয়েছেন তারা। তবে এখনো এ ব্যাপারে অন্ধকারেই রয়েছেন প্রাথমিক শিক্ষকরা। শিগগিরই এ ব্যাপারে কোন সরকারি সিদ্ধান্ত না হলে আলোচনা করে করণীয় ঠিক করা হবে বলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাবেরা বেগম জানিয়েছেন।
১১তম গ্রেডের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ফেব্রুয়ারি ও মার্চ মাসে ধারাবাহিক কর্মসূচি পালন করেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। এছাড়া গত ১৪ মার্চ দেশব্যাপী একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এরপরও দাবি আদায় না হওয়ায় বৃহৎ কর্মসূচির পরিকল্পনার কথা জানিয়েছিলেন তারা।
আরো দেখুন: ১১তম গ্রেড নিয়ে এখনো অন্ধকারে প্রাথমিক সহকারী শিক্ষকরা