এমপির ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ

০৩ মার্চ ২০২৬, ১১:১৫ PM
 ইফতার মাহফিলে ভাঙচুর

ইফতার মাহফিলে ভাঙচুর © টিডিসি ফটো

ময়মনসিংহের তারাকান্দায় খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর সংবর্ধনা ও ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের হরিয়াঘাই বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর (রিকশা প্রতীক) আগমন উপলক্ষে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব রণপ আহমেদ আজিজুলের নেতৃত্বে একদল লোক সভাস্থলে ঢুকে মঞ্চ, চেয়ার ও টেবিল ভাঙচুর করে। এ সময় এমপির এক কর্মীকে মারধর করে তার ব্যবহৃত স্মার্টফোনটি ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব রণপ আহমেদ আজিজুল। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আয়োজনের সাথে যুক্ত ছিল। এ খবর শুনে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। একটি কুচক্রী মহল আমাকে ফাঁসানোর চেষ্টা করছে; এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সভাস্থলে চেয়ার ও টেবিল ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর প্রশাসন ও পুলিশ প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে এবং অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। ওসি আরও জানান, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ: বিএনপি
সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা, আইনানুগ ব্যবস্থা গ্রহণে…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬