অমিত শাহ © ফাইল ছবি
বাংলাদেশকে নিয়ে আবারো মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘বাংলাদেশের গরীব মানুষ এখনও খেতে পাচ্ছে না তাই ভারতে আসছে।'
বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গে ২০০র বেশি আসন পেয়ে সরকার গড়বে তারা। ক্ষমতা যাওয়ার পর প্রথমে তারা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ করবে।
ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারে এক সাক্ষাৎকার দেন অমিত শাহ। সেখানে তিনি জানান, ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ করবে বিজেপি।
গত ১০-১৫ বছরে বাংলাদেশের তো আর্থিক উন্নয়নের পরেও লোকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে কেন আনন্দবাজারের এমন প্রশ্নে অমিত শাহ বলেন, এর দুটো কারণ আছে। প্রথমত বাংলাদেশের উন্নয়ন সীমান্ত এলাকায় নিচুতলায় পৌঁছায়নি। যে কোনো পিছিয়ে পড়া দেশে উন্নয়ন হতে শুরু করলে সেটা প্রথমে কেন্দ্রে হয়। আর তার সুফল বড়লোকদের কাছে আগে পৌঁছায়। গরিবদের কাছে নয়। এখন বাংলাদেশেও সেই প্রক্রিয়া চলছে। ফলে গরিব মানুষ এখনো খেতে পাচ্ছে না। তাই অনুপ্রবেশ চলছে। আর যারা অনুপ্রবেশকারী, তারা যে শুধু বাংলাতেই থাকছে, তা নয়। তারা তো ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। জম্মু-কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাচ্ছে।
অমিত শাহ প্রশাসনিক সমস্যাকে দ্বিতীয় কারণ হিসেবে দায়ী করেন। তিনি বলেন, প্রশাসনিকভাবেই এ বিষয়ে মোকাবিলা করতে হবে। সেটা পশ্চিমবঙ্গের সরকার করেনি কিন্তু আমরা করব।