ভারতে করোনায় আক্রান্ত ১০ হাজার ছাড়ালো, মৃত্যু ৩৩৯ জনের

১৪ এপ্রিল ২০২০, ১০:৩৭ AM

© এনডিটিভি

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন আরও মানুষ। শুধুমাত্র শেষ ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এক হাজার ২১১ জনের শরীরে নতুন করে বাসা বেঁধেছে কোভিড-১৯।

এই করোনা সংক্রমণের বিস্তার রুখতে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীই প্রধানমন্ত্রী মোদিকে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্যে অনুরোধ করেছেন। এমনকী কয়েকটি রাজ্য ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে তাদের রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়েও দিয়েছে। 

ইতিমধ্যেই দেশের মানুষের প্রতি একটি ভিডিও বার্তা দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিও। শত অসুবিধা ও অপ্রতুলতার মধ্যেও যেভাবে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের চিকিৎসায় দিন-রাত এক করে লড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তার প্রশংসা করেছেন তিনি।

তারিফ করেছেন দেশের সাফাইকর্মীদেরও। সকলে যাতে লকডাউন মেনে চলে, এই আহবানও জানিয়েছেন তিনি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী মোদিকে সোমবারই একটি চিঠিতে সনিয়া অনুরোধ করেছেন দেশের মানুষ যাতে অভুক্ত না থাকে সে ব্যাপারে যেন খেয়াল রাখে সরকার।

যেসব রাজ্যগুলো এখনও পর্যন্ত করোনার আক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেগুলো হল মহারাষ্ট্র (২,৩৩৪), দিল্লি (১,৫১০), তামিলনাড়ু (১,১৭৩), রাজস্থান (৮৭৩) এবং মধ্যপ্রদেশ (৬০৪)। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে আরও ৩৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে সে রাজ্যে মোট আক্রান্ত এক হাজার ৫১০ জন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আরও চার জন ওই রোগে আক্রান্ত হয়ে সেখানে মারা গেছেন। এই নিয়ে রাজধানীতে মোট ২৮ জনের প্রাণ কাড়ল করোনা ভাইরাস।

চেন্নাইয়ে ঘোষণা করা হয়েছে যাঁরা লকডাউনের সময় খুব প্রয়োজনে বাড়ির বাইরে বেরোবেন তাঁদের মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। তামিলনাড়ুর মধ্যে চেন্নাইয়েই সবচেয়ে বেশি সংখ্যক কোভিড-১৯ আক্রান্ত রোগী রয়েছে।

সোমবার, মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী রাজ্যের ক্ষেত্রে চলতি লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। নিজে থেকেই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া রাজ্যগুলোর মধ্যে তামিলনাড়ু ষষ্ঠ স্থানে রয়েছে। এর আগে মহারাষ্ট্র, পঞ্জাব, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানা এই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার ঘোষণা করে।

এদিকে মেঘালয়ে এই প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলল। শিলংয়ের বেথনি হাসপাতালের একজন নামকরা চিকিৎসকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। সূত্র বলছে, ওই চিকিৎসকের কোনও বিদেশ সফরের ইতিহাস নেই, তিনি সম্ভবত ‘সাইলেন্ট ক্যারিয়ার’ এর মাধ্যমে ওই রোগে আক্রান্ত হয়েছেন, যা যথেষ্টই উদ্বেগের কারণ।

এদিকে বিশ্বজুড়েও হাহাকার ছড়িয়েছে ওই মারণ ভাইরাস। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত মোট এক হাজার ৫০৯ জন মারা গেছেন, যা একটি রেকর্ড। এই নিয়ে ওই করোনা ভাইরাস সেদেশে কমপক্ষে ২৩ হাজার ৫২৯ জনের প্রাণ কেড়েছে, যা বিশ্বের যে কোনও দেশের তুলনায় বেশি।

নিউইয়র্কের গভর্নর সোমবার ঘোষণা করেন যে ১০ হাজার লোকের প্রাণ কাড়ার পর সেখানে আপাতত ধ্বংসলীলায় কিছুটা ক্ষান্ত দিয়েছে করোনা ভাইরাস। ফলে এবার হয়তো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করবে ওই এলাকার মানুষজন। খবর: এনডিটিভি।

চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬