মাঠ থেকে বাংলাদেশের বিদেশি দুই কোচের ফোন চুরি © সংগৃহীত
রাজধানীর পল্টনে ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার থেকে শুরু হচ্ছে চার জাতির আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিনই স্টেডিয়ামে চুরির ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ভেন্যুর নিরাপত্তাব্যবস্থা।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবল দলের অনুশীলন চলাকালে স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া ও স্থানীয় কোচ ডালিয়া আক্তারের মোবাইল ফোন চুরি হয়েছে। দুই কোচেরই আইফোন খোয়া যাওয়ার পাশাপাশি স্প্যানিশ কোচের একটি ক্রেডিট কার্ডও চুরি হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে শনিবার দুপুরে অনুশীলনের সময়। দুই কোচ তাদের মোবাইল ফোন কোর্টের পাশে একটি টেবিলে রেখেছিলেন। দুপুর পৌনে ৩টার দিকে ডালিয়া আক্তার নিজের আইফোন ১৭ প্রো ম্যাক্স খুঁজে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, স্প্যানিশ কোচ আনা আলোনসোর ফোনটিও উধাও হয়েছে। একইসঙ্গে তার একটি ক্রেডিট কার্ডও পাওয়া যাচ্ছে না।
ঘটনার পর খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধারে তৎপর হয়েছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। মোবাইল ও খোয়া যাওয়া অন্য জিনিসগুলো উদ্ধারের চেষ্টা চলছে।’