ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪২ কোটি টাকায়

২৪ আগস্ট ২০২৬, ০৪:১৪ PM
 ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গডে’র বল

ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গডে’র বল © সংগৃহীত

ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অথচ স্মরণীয় গোলগুলোর একটি ‘হ্যান্ড অব গড’। সেই ঐতিহাসিক গোলের সঙ্গে জড়িয়ে থাকা বলটিই এবার উঠেছে নিলামে। ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার সেই গোলের বল বিক্রি হয়েছে ২৫ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪২ কোটি টাকা।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে ম্যারাডোনা হাত দিয়ে বলটি ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে জালে পাঠান। সেই গোলই পরে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়।

ম্যাচ শেষে সাংবাদিকদের কাছে গোলটি নিয়ে ম্যারাডোনা বলেছিলেন, ‘গোলটি হয়েছে ম্যারাডোনার মাথা দিয়ে একটু এবং ঈশ্বরের হাত দিয়ে একটু।’

একই ম্যাচে ম্যারাডোনা আরও একটি গোল করেন, যা পরে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে পরিচিতি পায়। সেই গোলে তিনি ইংল্যান্ডের পাঁচজন মাঠের খেলোয়াড়কে ড্রিবল করে পেছনে ফেলে গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করে বল জালে পাঠান।

শনিবার যুক্তরাষ্ট্রে হেরিটেজ অকশনসের নিলামে বলটি ৩৩ লাখ ডলারে, অর্থাৎ ২৫ লাখ পাউন্ডে বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৪১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। তবে নিলামের আগে ধারণা করা হয়েছিল, বলটি প্রায় ১ কোটি ডলার বা ৭৩ লাখ পাউন্ড পর্যন্ত দাম পেতে পারে। সে হিসাবে বলটি প্রত্যাশিত দামের তুলনায় অনেক কম দামে বিক্রি হয়েছে।

নিলামের আগে রয়টার্সকে হেরিটেজের বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজালে বলেছিলেন, ‘এটি সত্যিকার অর্থেই একমাত্র একটি জিনিস। সম্ভবত পৃথিবীতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলসংশ্লিষ্ট স্মারক।’

১৯৮৬ সালের সেই ম্যাচের রেফারি ছিলেন তিউনিসিয়ার আলি বিন নাসের। ম্যাচ শেষ হওয়ার পর তিনি অ্যাডিডাস আজটেকা বলটি সংগ্রহ করে নিজের কাছে রেখে দেন। তিন দশকেরও বেশি সময় ধরে বলটি তার সংগ্রহে ছিল।

২০২৩ সালে আলি বিন নাসের একটি চিঠিতে স্বাক্ষর করে নিশ্চিত করেন, ওই ম্যাচে এটিই একমাত্র ব্যবহৃত বল ছিল। পরে আরও স্বাধীনভাবে করা সত্যতা যাচাইয়েও বিষয়টি নিশ্চিত করা হয়।

২০২২ সালে বিন নাসের বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে, অর্থাৎ ১৭ লাখ ৪০ হাজার পাউন্ডে বিক্রি করেছিলেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী এই অর্থের পরিমাণ প্রায় ২৯ কোটি ৮ লাখ টাকা। পরে নতুন মালিক ২০২৩ সালে আবার বলটি নিলামে তোলেন। তবে নির্ধারিত সর্বনিম্ন মূল্যের সমান দর না পাওয়ায় তখন বলটি বিক্রি হয়নি।

একই ম্যাচে ম্যারাডোনা যে জার্সি পরেছিলেন, সেটিও ২০২২ সালে নিলামে ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল। বর্তমান বিনিময় হার অনুযায়ী জার্সিটির মূল্য প্রায় ১১৯ কোটি টাকা।

১৯৮৬ সালের বিশ্বকাপের ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচটি ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ম্যাচ। ওই ম্যাচে ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল এবং অসাধারণ একক প্রচেষ্টায় করা ‘গোল অব দ্য সেঞ্চুরি’—দুটি গোলই তাকে ফুটবল ইতিহাসে আরও কিংবদন্তি করে তুলেছিল।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬