টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু © সংগৃহীত
ফোনালাপে সাংবাদিকের সঙ্গে টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুর অশোভন আচরণ ও গালাগালি নিয়ে হাইকোর্ট বলেছে ‘এটা কোনো ভাষা হতে পারে না; মাস্তানদের চেয়েও খারাপ ভাষা ব্যবহার করেছেন তিনি।’
একজন দায়িত্বশীল ব্যক্তির মুখে এমন অশ্লীল শব্দ কাম্য নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
হাইকোর্ট আরও বলেন, ‘একজন ইউএনওর ভাষা খুবই আপত্তিকর। এটা দুঃখজনক; এটা গ্রহণযোগ্য নয়। ‘কোনো রং হেডেড পারসন ছাড়া এ রকম ভাষায় কথা বলতে পারে না।’
আরও দেখুন: রাস্তায় অনেক মানুষ, আমি চিৎকার করলেও কেউ সাহায্য করেনি
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারাও যদি কোনো অপরাধ করেন, তাহলে সে বিষয়ে প্রেস কাউন্সিল আছে। সেখানে অভিযোগ দেয়ার সুযোগ আছে; আইন আছে। এভাবে গালিগালাজ তো কেউ করতে পারেন না।’
ওই সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে খবর প্রকাশের জেরে এক সাংবাদিকের সঙ্গে ফোনে অশোভন আচরণ করেন ইউএনও কায়সার। খবরটি রোববার আদালতের নজরে আনেন আইনজীবী খুরশীদ আলম খান। সেটি পড়ে আদালত উল্লিখিত মন্তব্য করে।