মুড়া কচুর হালি ৬০ টাকা, লতির আঁটি ৮০ টাকা

২৯ মে ২০২২, ০৫:০৫ PM
গোলাপগঞ্জের ফুলবাড়িতে প্রায় নিয়মিতই বসে মুড়া কচুর হাট

গোলাপগঞ্জের ফুলবাড়িতে প্রায় নিয়মিতই বসে মুড়া কচুর হাট © টিডিসি ফটো

মুড়া কচু দেশের মানুষের কাছে খুবই সাধারণ একটি সবজি। কিন্তু সিলেটে বিশেষত্ব রয়েছে মুড়া কচুর। মুড়া কচুর জন্য সিলেটের ফুলবাড়ি দীর্ঘকাল থেকেই  বিখ্যাত। ফুলবাড়ির মুড়া কচু নিজস্ব গুণে পরিচিত দেশে-বিদেশে। প্রতি বছরের ন্যায় এ বছরও ফুলবাড়িতে মুড়া কচুর ব্যাপক ফলন হয়েছে। মুড়া কচু এবং কচুর লতি বিক্রি করে করেই  জীবিকা নির্বাহ করেন এখানকার অনেক কৃষক। কেউ কেউ বংশপরম্পরায় এই পেশায় রয়েছেন দীর্ঘদিন থেকেই। 

সিলেটের সবখানে ফুলবাড়ি মুড়া কচুর গ্রাম হিসেবে পরিচিত। ফুলবাড়ি একটি ঐতিহ্যবাহী গ্রাম এটি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলাবাড়ি ইউনিয়নে অবস্থিত। ফুলবাড়ি গ্রামের নাম অনুসারে ইউনিয়নের নাম ফুলবাড়ি হয়েছে।

সিলেটের অনেক বাজারেই মুড়া কচু পাওয়া গেলেও ফুলবাড়ির বড় মোকামে এখন নিয়মিত বসে মুড়া কচুর হাট। বড় মোকাম জামে মসজিদের কাছেই সিলেট-জকিগঞ্জ রোডের পাশে  নিয়মিত বসে এই মুড়া কচুর হাট। সকাল থেকে শুরু হওয়া এই হাটে যে কেউ আসতে পারবে সিলেটের কদমতলী থেকে বাস অথবা সিএনজি অটোরিকশা যোগে।
  
ফুলবাড়ির মুড়া কচুর এই হাটের অন্যতম ব্যবসায়ী ফরমান আলী। তিনি এই পেশার সাথে প্রায় ১৫ বছর যাবৎ আছেন। তিনি বলেন, ফুলবাড়ির এই মুড়া কচু শুধু সিলেটে বিখ্যাত নয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ উন্নত বিশ্বেও রয়েছে এর খ্যাতি।

তিনি আরও বলেন, বর্তমানে কচুর দাম কিছুটা কম হলেও কচুর লতি বিক্রি করে ভালো আয় হচ্ছে তাদের। কারণ মুড়া কচু মাস দু’এক পর থেকে লতা দিতে থাকে এবং মুড়া কচুর চেয়ে তখন লতার মূল্য বেশী পাওয়া যায়।

কচু ও লতির দাম সম্পর্কে তিনি বলেন, বর্তমানে মুড়া কচুর হালি ৬০ টাকা থেকে ১০০ টাকা হলেও কচুর লতি প্রতি আঁটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত। পরিশ্রমের তুলনায় দাম কম পাওয়ায় দিনদিন এই পেশা থেকে মানুষের আগ্রহ কমে যাচ্ছে। একসময়ে ফুলবাড়ি গ্রামে অনেকে কৃষক মুড়া কচুর চাষ করলেও বর্তমানে মাত্র ২০ থেকে ২৫ জন কৃষক এ চাষের সাথে জড়িত।

আরও পড়ুন: রকমারি সবজির চাষ হবে সূর্যের আলো ছাড়াই

এই হাটের ক্রেতা ও ফুলবাড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা পারভেজ আহমদ বলেন, আমি ছোট বেলায় যে পরিমাণ মুড়া কচুর চাষ ও বিকিকিনি দেখেছি তা আজও চোখে ভাসে। বর্তমানে আমাদের গ্রামে মুড়া কচুর চাষ অনেকটা কমেছে। ফুলবাড়ি ঐতিহ্য হচ্ছে মুড়া কচু। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা এই ঐতিহ্য হারাতে বসেছি। 

কচুর মুড়ার মূল, লতি, কান্ড ও পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। এ কচুতে প্রচুর পরিমাণ শ্বেতসার, লৌহ, ফসফরাস, ক্যালসিয়াম এবং ভিটামিন ‘এ’ ও ‘সি’ রয়েছে। কার্ডিওভাস্কুলার রোগ ও অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করে।

সিলেটে কিভাবে রান্না হয় মুড়া কচু

মুড়া কচু এক এক জায়গায় এক এক ভাবে রান্না করা হলেও সিলেটে সাধারণত  রান্না হয় শুঁটকি মাছের সাথে চিংড়ি দিয়ে।  
এটি ভোজনরসিকদের কাছে খুবই মজার ও আকর্ষণীয় একটি খাবার। রান্নার পর এই খাবারের স্বাদ আর ঘ্রাণ আপনাকে মুগ্ধ করবে। 

সিলেটে সর্বমহলে কচুর লতির রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। সিলেটে সাধারণত লতির সাথেও শুঁটকি মাছ ও চিংড়ি দিয়ে রান্না করা হয়। তবে এই খাবারে নাগামরিচ ও কাঁঠাল বিচি যোগ করার পর স্বাদে আসে ভিন্নতা। 

মুড়া কচুর চাষাবাদ

মুড়া কচু গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামে উৎপাদিত হয় অন্যান্য এলাকার চেয়ে তুলনামূলক বেশি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, অপেক্ষাকৃত নিচু, ডোবা দোআশ ও পলি দোআশ মাটিতে মুড়া কচু উৎপাদিত হয়ে থাকে।

অনেক কৃষক বেশি মূল্যে বিক্রি করার লক্ষ্যে চারা রোপণ করেন কার্তিক মাসে। তাদের এই চারা বিক্রির উপযোগী হয় ৩/৪ মাস পর। অর্থাৎ তারা বৈশাখ মাসেই বাজারে তুলেন তাদের এই মুড়া কচু। সে সময় তুলনামূলক দাম একটু বেশি পাওয়া যায়। সিলেটের বাজারে আষাঢ় মাস পর্যন্ত এসব মুড়া কচু পাওয়া যায়।

দিনদিন কমেছে মুড়া কচুর চাষাবাদ

নিচুভূমি ও জলাশয় দিনদিন কমে যাওয়ার ফলে কচু ও মুড়ার ফলন দিনদিন কমে যাচ্ছে। মুড়া-কচুর চাষের উপযোগী জমি ভরাট করে বাসাবাড়ি নির্মাণ করায় এসব সবজি চাষের জমি আগের মত নেই। একসময়ে ফুলবাড়িতে মুড়া কচু  চাষ করতেন হাজারও কৃষক।

দিনদিন চাষের জমি অনুপযোগী হয়ে যাওয়ায় এখন আর গোলাপগঞ্জে আগের মত মুড়া কচুর চাষ হয় না। তবে এখনও কিছু সংখ্যক কৃষক মুড়া কচুর এই চাষাবাদে সম্পৃক্ত রয়েছেন বলে  ফুলবাড়ির উৎপাদিত মুড়া কচু প্রতিদিন সিলেট থেকে শুরু করে বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে।

ঈদুল ফিতর উদযাপন শুরু হয় কখন থেকে, ইতিহাস ও তাৎপর্য কী?
  • ২০ মার্চ ২০২৬
কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • ২০ মার্চ ২০২৬
শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
  • ২০ মার্চ ২০২৬
এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence