প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মৃত্যুকে সামনা সামনি দেখেছি। কিন্তু কোনদিন আমি ভীত হইনি, আমি ভীত হবো না। কারণ আমি প্রস্তুত। আমি তো জানি যেকোন মুহুর্তে আমাকে চলে যেতে হবে। যেটুকু সময় আছে দেশের জন্য কতটুক করতে পারি।
প্রধানমন্ত্রী আজ সোমবার বিকেলে জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির ভাষণে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কাজেই আমিও জানি। আমার জীবনের কোন মায়া নেই, আমার কোন কিছু চাওয়ার নেই। আমার একটাই চাওয়া যেই আদর্শ নিয়ে আমার বাবা এদেশ স্বাধীন করেছেন তার সেই আদর্শ বাংলার মানুষের কাছে পৌছে দেব। এটাই আমাদের প্রতিজ্ঞা।
তিনি বলেন, আজকে ১৫ অগাস্টের এটাই আমাদের প্রতিজ্ঞা হবে যে ওই রক্ত কখনো বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যেতে আমরা দেব না। এদেশের দুখী মানুষের মুখে হাসি ফুটিয়ে আমার বাবা, মা, ভাইয়ের আত্মা যেন শান্তি পায়। সেটাই আমি চাই।
দেশবাসীর দোয়া চেয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অনেকদূর এগিয়ে গিয়েছে। এখন বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। তবে, করোনা মোকাবেলায় তিনি সকলকে সাবধান করে পুণরায় স্বাস্থ্যমতবিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দেন।