করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহায়তা দিচ্ছে বাংলাদেশ পুলিশ। এ পরিস্থিতিতে এখন পর্যন্ত সারাদেশে ২১৮ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ এপ্রিল সকাল পর্যন্ত সারাদেশে ২১৮ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুলিশের কনস্টেবল থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। এছাড়া হোম কোয়ারেন্টিনে আছেন আরও ৬৫২ জন।
২১৮ জন পুলিশ সদস্য আক্রান্তের মাঝে ৭৩ জন সদস্যই ঢাকার। আক্রান্তদের মাঝে একজন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)রয়েছেন, তিন জন এসআই, একজন ট্রাফিক সার্জেন্ট, পাঁচজন এএসআই, তিন জন সাধারণ কর্মচারী ও ৬০ জন কনস্টেবল রয়েছেন।
এআইজি সোহেল রানা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশের হাসপাতালগুলোতে আক্রান্তদের জন্য প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।