মন্ত্রিপরিষদ বিভাগ © সংগৃহীত
মন্ত্রিপরিষদের বৈঠকে রাজস্বসংক্রান্ত পাঁচটি আইনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সব কটি আইনের উদ্যোক্তা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
অনুমোদিত খসড়াগুলোর মধ্যে রয়েছে— ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’, ‘অর্থ আইন (২০২৫-২৬ অর্থবছর), ২০২৬’, ‘অর্থ সংক্রান্ত কতিপয় (সংশোধন) (২০২৫-২৬ অর্থবছর) আইন, ২০২৬’, ‘The Excises and Salt (Amendment) Act, 2026’ এবং ‘অর্থ সংক্রান্ত কতিপয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’।
জানা গেছে, রাজস্বের আওতা বৃদ্ধি, কর-জিডিপি অনুপাত উন্নয়ন এবং বিদ্যমান অব্যাহতির সংস্কৃতি কমানোর লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা একাধিক অধ্যাদেশকে আইনে রূপ দিতে এসব খসড়া প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন সংশোধনের জন্য ২০২৫ সালের ৯ জানুয়ারি জারি করা অধ্যাদেশ অনুযায়ী ইতোমধ্যে রাজস্ব আদায় চলছে। একইভাবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটসংক্রান্ত ‘অর্থ অধ্যাদেশ, ২০২৫’ গত ২ জুন থেকে কার্যকর রয়েছে।
এ ছাড়া অর্থসংক্রান্ত অন্যান্য সংশোধনী অধ্যাদেশগুলো ২০২৫ সালের ২৬ জুন ও ৬ অক্টোবর জারি করা হয় এবং সেগুলোর ভিত্তিতেও রাজস্ব আদায় অব্যাহত আছে। পাশাপাশি The Excises and Salt Act, 1944 সংশোধনের লক্ষ্যে ২০২৫ সালের ৯ জানুয়ারি জারি করা অধ্যাদেশের ধারাবাহিকতায় সংশোধিত আইনটির খসড়াও অনুমোদন পেয়েছে। সরকার এখন এসব অধ্যাদেশকে আইনে পরিণত করতে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত অন্তবর্তীকালীন সরকারের মেয়াদে অব্যাহতির সংস্কৃতি পরিহারপূর্বক ভ্যাটের আওতা বৃদ্ধি, হ্রাসকৃত হার ক্রমান্বয়ে সংকোচনপূর্বক আদর্শ হারে উন্নীতকরণ, কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনসহ কর-জিডিপির অনুপাত বৃদ্ধির লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ সংশোধন করে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়। গত ৯ জানুয়ারি ২০২৫ তারিখ হতে এ অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব আদায় করা হচ্ছে। অধ্যাদেশটি আইনে পরিণত করার জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া রাজস্বের আওতা বৃদ্ধি, হ্রাসকৃত হার ক্রমান্বয়ে সংকোচনপূর্বক আদর্শ হারে উন্নীতকরণ, কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনসহ কর-জিডিপির অনুপাত বৃদ্ধির লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২, আয়কর আইন, ২০২৩ এবং কাস্টমস আইন, ২০২৩-এর কিছু সংশোধনীর জন্য ‘অর্থ অধ্যাদেশ, ২০২৫’ গত ২ জুন ২০২৫ তারিখে জারি করা হয়। সংবিধানের অনুচ্ছেদ ৮৬ ও অনুচ্ছেদ ৮৭ অনুযায়ী এ অধ্যাদেশ ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক আর্থিক বিবৃতির অংশ এবং গত ২ জুন ২০২৫ হতে এই অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব আদায় করা হচ্ছে। অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে ‘অর্থ আইন (২০২৫-২৬ অর্থবৎসর), ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে জারিকৃত অর্থ অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের জন্য ‘অর্থ সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ গত ২৬ জুন ২০২৫ তারিখে জারি করা হয়েছিল। সংবিধানের অনুচ্ছেদ ৮৬ ও অনুচ্ছেদ ৮৭ অনুযায়ী অধ্যাদেশটি ২০২৫-২৬ অর্থবৎসরের বার্ষিক আর্থিক বিবৃতির অংশ এবং গত ২৬ জুন ২০২৫ হতে এই অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব আদায় করা হচ্ছে। অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে 'অর্থ সংক্রান্ত কতিপয় (সংশোধন) (২০২৫-২৬ অর্থবৎসর) আইন, ২০২৬'-এর খসড়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিগত অন্তবর্তীকালীন সরকারের মেয়াদে কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনসহ কর-জিডিপির অনুপাত বৃদ্ধির লক্ষ্যে The Excises and Salt Act, 1944 সংশোধনের উদ্দেশ্যে The Excises and Salt (Amendment) Ordinance, 2025 গত ৯ জানুয়ারি, ২০২৫ তারিখে জারি করা হয়। গত বছরের ৯ জানুয়ারি থেকে এ অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব আদায় করা হচ্ছে। অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে The Excises and Salt (Amendment) Act, 2026-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে জারিকৃত অর্থ অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের জন্য ‘অর্থ সংক্রান্ত কতিপয় (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ গত বছরের ৬ অক্টোবর জারি করা হয়। সংবিধানের অনুচ্ছেদ ৮৬ ও অনুচ্ছেদ ৮৭ অনুযায়ী অধ্যাদেশটি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক আর্থিক বিবৃতির অংশ এবং গত ৬ অক্টোবর থেকে এ অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব আদায় করা হচ্ছে। অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে ‘অর্থ সংক্রান্ত কতিপয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।