স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক © সংগৃহীত
শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্পভিত্তিক প্রশিক্ষণ, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এবং বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাঁচ বছর মেয়াদি এ চুক্তির আওতায় শিক্ষার্থীরা ইন্টার্নশিপ, হাতে-কলমে প্রশিক্ষণ ও শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি যোগ্য গ্র্যাজুয়েটদের নিয়োগের বিষয়টিও বিবেচনা করবে বেঙ্গল মিট।
রবিবার (২২ নভেম্বর) উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
সমঝোতার আওতায় স্টেট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নিউট্রিশন সায়েন্সের (এফইএনএস) শিক্ষার্থীরা বেঙ্গল মিটে ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, হাতে-কলমে প্রশিক্ষণ ও শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। মাংস প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, হালাল ফুড কমপ্লায়েন্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ফুড মাইক্রোবায়োলজি, প্যাকেজিং প্রযুক্তি এবং ফুড কোয়ালিটি ম্যানেজমেন্টের মতো বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তারা।
এ ছাড়া দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গবেষণা, পণ্য উন্নয়ন ও উদ্ভাবন, সেমিনার, কর্মশালা, অতিথি বক্তৃতা এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের কার্যক্রম পরিচালিত হবে। খাদ্য নিরাপত্তা, পণ্যের গুণগত মান উন্নয়ন, টেকসই প্যাকেজিং, খাদ্য সংরক্ষণ ও নতুন পণ্য উদ্ভাবনসহ বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে।
চুক্তি অনুযায়ী, বেঙ্গল মিট স্টেট ইউনিভার্সিটির যোগ্য স্নাতকদের প্রকৌশল, মান নিয়ন্ত্রণ, গবেষণা ও উন্নয়ন এবং উৎপাদন ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিভাগে নিয়োগের বিষয়টি বিবেচনা করবে। পাশাপাশি শিক্ষার্থীদের শিল্পকারখানা পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে তারা মাংস প্রক্রিয়াজাতকরণ, কোল্ড চেইন ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা পাবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. হাসান কাউসার এবং ডিপার্টমেন্ট অব ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নিউট্রিশন সায়েন্সের চেয়ারম্যান ড. ফারজানা সুলতানা বারী।
চুক্তিতে স্টেট ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন এবং বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির হেড অব স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স মো. আশিক মাহমুদ স্বাক্ষর করেন।
এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটির ডিন, স্কুল অব হেলথ সায়েন্স ও পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন, বেঙ্গল মিটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড পিপল এক্সপেরিয়েন্স) তাসনুভা বিনতে তারেক এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নিউট্রিশন সায়েন্সের অধ্যাপক ড. এম. শফিউর রহমান।
পাঁচ বছর মেয়াদি এ সমঝোতার মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার সঙ্গে শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সংযোগ আরও জোরদার হবে বলে আশা করছে দুই প্রতিষ্ঠান। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণার সুযোগ বাড়ানো এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের নতুন সম্ভাবনা তৈরিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।