বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। © সংগৃহীত
জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ পেয়েছেন সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে নির্বাচিত আট উদ্যোক্তা। রোববার (২২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন সকাল ১১টা ৬ মিনিটে ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
ভিডিওচিত্রে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উদ্যোগে ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন, ২০০৫ সালে ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন এবং ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠার ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়।
জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারের সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরির মধ্যে রয়েছে বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাঝারি উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠান, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
পুরস্কার বিতরণ শেষে বিজয়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন। এ সময় এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার একটি বাঁধানো ছবি উপহার দেওয়া হয়।
পরে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রদর্শিত দেশীয় পণ্য ও উদ্যোক্তাদের কার্যক্রম ঘুরে দেখেন।
দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
সাত দিনব্যাপী এবারের মেলায় সারা দেশ থেকে ৪৫০টির বেশি প্রতিষ্ঠান এবং ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের পরিচালিত।