যুবদল নেতা নয়ন
গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন রবিউল ইসলাম নয়ন © সংগৃহীত
২০১৫ সালে পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়কার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি অভিযোগ করেছেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের ভয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তাকে চিকিৎসাসেবা দিতে অস্বস্তিবোধ করতেন। এমনকি হাসপাতালে যন্ত্রণায় ছটফট করলেও কেউ এগিয়ে আসার সাহস পেতেন না। রবিবার (২২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
২০১৫ সালে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে রবিউল ইসলাম নয়ন লেখেন, ‘হাসপাতালের বেডে হাতে হাতকড়া পরানো এই ছবিটি ২০১৫ সালের। স্বৈরাচারীনি পলাতক শেখ হাসিনার পালিত প্রশাসন আমাকে শর্টগান ঠেকিয়ে গুলি করে সুড়ঙ্গের মতো করে দিয়েছিল। সেখান থেকে আমার ঠাঁই হয় ঢাকা মেডিকেল কলেজের এই বেডে।’
সেই সময়ের চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘পায়ে গুলি নিয়ে অনেকটা বিনা চিকিৎসায় মেডিকেলে কী বিভীষিকাময় দিন আমি পার করেছি, সেই সব কথা এখন মনে পড়লে চোখ পানিতে ভিজে যায়। ডাক্তার আমাকে চিকিৎসাসেবা দিতে অস্বস্তিবোধ করতেন। হাসপাতালের বেডে শুয়ে আদিম যন্ত্রণায় ছটফট করতাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভয়ে হাসপাতালের কেউ এগিয়ে আসতে সাহস করত না। যদি তাদের চাকরি চলে যায়।’
ওই কঠিন সময়ে কয়েকজন রাজনৈতিক কর্মীর পাশে থাকার কথাও উল্লেখ করেন যুবদলের এই নেতা। তিনি লেখেন, ‘এই সময় কিছু রাজনৈতিক ছোট ভাই নিয়মিত ঝুঁকি নিয়ে হাসপাতালে এসে আমার খোঁজখবর নিত। পাশে বসে সাহস দিত, পাশে থাকার প্রতিশ্রুতি দিত।’
তাদের মধ্যে ছবিতে থাকা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হুমায়ূন কবির ভূঁইয়া হীরার কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। ওই সময়ে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান রবিউল ইসলাম নয়ন।