দুর্বল মৌরিতানিয়াকে হারাল আর্জেন্টিনা

২৮ মার্চ ২০২৬, ১০:০১ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

আফ্রিকার অপেক্ষাকৃত দুর্বল দল মৌরিতানিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার ভোরে বুয়েন্স এইরেসে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। এনজো ফের্নান্দেস ও নিকো পাসের গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান কমান জর্ডান লেফোর্ট।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক আর্জেন্টিনা। লা বোম্বোনেরায় সপ্তদশ মিনিটেই এগিয়ে যায় তারা। ডান দিক থেকে নাহুয়েল মোলিনার ক্রসে হুলিয়ান আলভারেসের ডামিতে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে জোরালো শটে জালে পাঠান ফের্নান্দেস।

চার মিনিট পর সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মৌরিতানিয়া। ইব্রাহিমা কেইটার বাঁকানো শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে রক্ষা পায় আর্জেন্টিনা।

৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ মিডফিল্ডার নিকো পাস। তাকে ফাউল করায় পাওয়া ফ্রি কিক থেকে দুর্দান্ত শটে গোল করেন ২১ বছর বয়সী এই ফুটবলার, যা দেশের হয়ে তার প্রথম গোল। এর চার মিনিট পর আবারও গোলের সুযোগ পেলেও পেনাল্টি স্পটের কাছ থেকে ঠিকঠাক শট নিতে পারেননি তিনি।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমানোর সুযোগ তৈরি করেছিল মৌরিতানিয়া। ৪৪তম মিনিটে ওমার এনগমের শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

বিরতির পর তুমুল করতালির মধ্যে মাঠে নামেন লিওনেল মেসি। তার সঙ্গে বদলি হিসেবে নামেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও রদ্রিগো দে পল। মাঠ ছাড়েন নিকো গনসালেস, নিকো পাস ও হুলিয়ান আলভারেস।

৫৪তম মিনিটে মেসির বাঁকানো শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। সাত মিনিট পর দে পলের বাড়ানো বলেও ঠিকমতো সংযোগ করতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক। বৃষ্টিতে ভারী মাঠেও কিছু ঝলক দেখালেও গোলের দেখা পাননি তিনি।

৬৫তম মিনিটে আবুবাকারি কেইটার শক্তিশালী শট কর্নারের বিনিময়ে ঠেকান মার্তিনেস। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ।

৮৯তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোকে কাটিয়ে এগিয়ে গিয়েও গোল করতে ব্যর্থ হন সুলেমানে আনে। শেষদিকে যোগ করা সময়ে জর্ডান লেফোর্ট গোল করে ব্যবধান কমালেও জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

এর আগে ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে ইরান যুদ্ধের কারণে নিরাপত্তা শঙ্কায় কাতার থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হয়। নতুন ভেন্যু নিয়ে উয়েফা ও কনমেবল একমত হতে না পারায় বাতিল হয়ে যায় সেই ম্যাচ।

পরে তড়িঘড়ি করে প্রীতি ম্যাচের জন্য মৌরিতানিয়াকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেয় আর্জেন্টিনা।

আগামী মঙ্গলবার জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

তাপদাহ নিয়ে রাবি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউরিচের’ ব্যতিক্রমধর্…
  • ২৮ আগস্ট ২০২৬
নদীতে একে অপরকে বাঁচাতে গিয়ে চাচাতো-মামাতো-ফুফাতো ৫ বোনের ম…
  • ২৮ আগস্ট ২০২৬
হাম নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সময়মতো সঠিক চিকিৎসা
  • ২৮ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরের
  • ২৮ আগস্ট ২০২৬
মোমবাতি প্রজ্বলনে বন্যায় নিহতদের স্মরণ নেপালি শিক্ষার্থীদের
  • ২৮ আগস্ট ২০২৬
মৃত্যুর আগেই চল্লিশা, ৫ হাজার গ্রামবাসীকে খাওয়ালেন
  • ২৮ আগস্ট ২০২৬