কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত
স্প্যানিশ ফুটবলে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা লা লিগায় এমন এক কীর্তি গড়েছেন, যা আগে কেউ করতে পারেননি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর লা লিগায় যেসব দলের বিপক্ষে খেলেছেন, প্রতিটি দলের বিপক্ষেই গোল করেছেন এমবাপ্পে।
সর্বশেষ তার গোলের শিকার হয়েছে রেসিং সান্তান্দার। স্প্যানিশ শীর্ষ লিগে এটি ছিল এমবাপ্পের মুখোমুখি হওয়া ২৪তম দল। গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে দেরি করেননি ফরাসি ফরোয়ার্ড। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। যদিও বিতর্কিত এক রেফারিং সিদ্ধান্তে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। তবে স্পটকিক নিতে এসে কোনো ভুল করেননি এমবাপ্পে। দুর্দান্ত শটে গোলরক্ষককে পরাস্ত করে রিয়ালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
এই গোলের মধ্য দিয়ে লা লিগায় প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে গোল করার শতভাগ রেকর্ড ধরে রাখলেন এমবাপ্পে। এর আগেও মালাগা ও এলচের বিপক্ষে জোড়া গোল করে এই কীর্তির আরও কাছাকাছি পৌঁছেছিলেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হলো রেসিং সান্তান্দারের নাম।
এমবাপ্পের সামনে রেকর্ডটি আরও সমৃদ্ধ করার সুযোগও রয়েছে। বড়দিনের আগে পরবর্তী ম্যাচে দেপোর্তিভোর মুখোমুখি হওয়ার কথা রিয়াল মাদ্রিদের। সেই ম্যাচেও গোল করতে পারলে নিজের রেকর্ডকে আরও দীর্ঘ করবেন ফরাসি তারকা।
এদিকে লা লিগার চলতি মৌসুমে গোলদাতাদের তালিকার শীর্ষেও রয়েছেন এমবাপ্পে। ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়েও আছেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ১৫টি, এর মধ্যে লা লিগায় করেছেন ১২টি।
রিয়াল মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত ৭৬টি লিগ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন এমবাপ্পে। আর লা লিগায় যে ২৪টি দলের বিপক্ষে খেলেছেন, প্রতিটির জালেই বল পাঠানোর অনন্য কীর্তি গড়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।