মাও সেতুংকে নিয়ে কৌতুক, চীনে দুই স্পনসর হারালেন এমবাপ্পে

২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ PM
কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত

চীনের সাবেক নেতা মাও সেতুংকে নিয়ে ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে কথিতভাবে কৌতুক করেছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার এমবাপ্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে দেশটির দুটি বড় ব্র্যান্ড।

১৯৭৬ সালে মারা যাওয়া চীনের প্রতিষ্ঠাতা নেতা মাও সেতুংকে নিয়ে কৌতুক করাকে দেশটিতে অসম্মানজনক হিসেবে বিবেচনা করা হয়। বিষয়টি এখনো সেখানে সামাজিকভাবে নিষিদ্ধ ও স্পর্শকাতর।

এ নিয়ে পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডংপেং এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের প্রতিষ্ঠান জাতীয় অনুভূতিতে আঘাত হানে—এমন যেকোনো আচরণের দৃঢ় বিরোধিতা করে এবং এ বিষয়ে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘অবিলম্বে কার্যকরভাবে আমরা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সব ধরনের সহযোগিতা চুক্তি বাতিল করছি।’

চীনের বৃহত্তম দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেংনিউও রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের এই ফরোয়ার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

এক বিবৃতিতে মেংনিউ বলেছে, ‘অবিলম্বে কার্যকরভাবে আমাদের প্রতিষ্ঠান কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সব ধরনের সহযোগিতা চুক্তি বাতিল করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘চীনা জনগণের অনুভূতিতে আঘাত হানে—এমন যেকোনো কথা বা কাজের আমরা দৃঢ় বিরোধিতা করি এবং এ বিষয়ে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করি।’

অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই এসব ঘোষণা আসে। ভিডিওতে এমবাপ্পেকে বলতে শোনা যায়, ইন্টারনেটে দেখা তার সবচেয়ে মজার মিমটি ছিল তার মুখের সঙ্গে অন্য এক ব্যক্তির ছবি জুড়ে দেওয়া। ওই ব্যক্তি সম্পর্কে তিনি বলেন, ‘কোনো একজন লোক—আমার মনে হয়, তিনি একজন চীনা স্বৈরশাসক।’

এরপর থেকেই এটি মাও সেতুংয়ের ছবির ওপর এমবাপ্পের মুখ বসিয়ে তৈরি করা একটি মিমের প্রতি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ঐতিহাসিক বিভিন্ন ব্যক্তিত্বের ছবির সঙ্গে এই ফুটবলারের মুখ জুড়ে দিয়ে তৈরি করা বেশ কয়েকটি মিমের মধ্যে এটি একটি।

তবে ভিডিওটির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি এএফপির ফ্যাক্ট চেক বিভাগ।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ‘ডংপেং বেভারেজ এমবাপ্পের সঙ্গে সহযোগিতা বন্ধ করেছে’ বিষয়টি সবচেয়ে আলোচিত প্রবণতামূলক বিষয়ে পরিণত হয়।

উইবোর এক ব্যবহারকারী বলেন, ‘অত্যন্ত গুরুতর ভুল মন্তব্যগুলো সীমা অতিক্রম করেছে। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

অন্য ব্যবহারকারীরা ডংপেংকে তাদের এনার্জি ড্রিংকের বোতল থেকে এমবাপ্পের ছবি সরিয়ে ফেলার আহ্বান জানান।

চীনের অন্যতম বৃহৎ অনলাইন ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম ডংচিউদি সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছে, এমবাপ্পের মন্তব্য ‘চীন ও চীনা জনগণের জন্য আপত্তিকর’ এবং ‘এগুলো চীনা ফুটবলপ্রেমী ও চীনা জনগণের অনুভূতিতে আঘাত করেছে’।

ঐতিহাসিক বিভিন্ন ব্যক্তিত্ব, বিশেষ করে স্বৈরশাসকদের সঙ্গে তাকে তুলনা করে তৈরি করা মিম নিয়ে গত সেপ্টেম্বরে ফরাসি ক্রীড়া সংবাদপত্র লেকিপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন এমবাপ্পে।

তিনি বলেন, ‘এর একটা অংশ মজার। বোঝা যায়, কিছু মানুষ নিছক মজা করার জন্যই এসব করে। কিন্তু আরেকটি অংশ আছে, যা কিছুটা কম মজার। কারণ, ইতিহাসজুড়ে এসব মানুষ যে ক্ষতি করেছেন, তা উপেক্ষা করার মতো নয়।’

তিনি আরও বলেন, ‘অন্যদের হত্যা করেছেন, কিংবা কোটি কোটি মানুষের জীবনে দুর্ভোগ ডেকে এনেছেন—এমন ব্যক্তিদের সঙ্গে আমার তুলনা করা হচ্ছে। অথচ আমার জীবনে আমি এমন কিছু করেছি বলে মনে হয় না।’

চীনে এই বিতর্কের সূত্রপাতের একদিন আগেই ব্যালন ডি’অর পুরস্কার জিততে ব্যর্থ হন ২৭ বছর বয়সী এমবাপ্পে। ফুটবলে ব্যক্তিগত পর্যায়ে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জেতেন হ্যারি কেইন।

ক্রসফায়ারের মনোবাসনা লালন করা আইজিপি মূলত একজন হারুন-বিপ্লব…
  • ২৭ অক্টোবর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও এক এমপি পাচ্ছে বিএনপি
  • ২৭ অক্টোবর ২০২৬
ফাইনালের স্বপ্নে বাড়তি চাপ নিতে নারাজ শান্ত
  • ২৭ অক্টোবর ২০২৬
সাইকোসোশ্যাল কাউন্সেলর নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আব…
  • ২৭ অক্টোবর ২০২৬
১০ দিন পর টুপটুপ রিসোর্টে মিলল ছাত্রদল নেতার স্ত্রী শিক্ষিক…
  • ২৭ অক্টোবর ২০২৬
১৫ দিনে আসছে ১৬ হাজার কোটির টেন্ডার, একটি টাকাও দুর্নীতির গ…
  • ২৭ অক্টোবর ২০২৬