আঞ্চলিক পরিস্থিতি ও ভ্রমণসংক্রান্ত জটিলতার কারণে ২০২৭ এএফসি এশিয়ান কাপের সূচিতে পরিবর্তন এনেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সৌদি আরবে অনুষ্ঠেয় টুর্নামেন্টটি পূর্বনির্ধারিত জানুয়ারির পরিবর্তে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর শুরু হয়ে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত চলবে।
মঙ্গলবার (২ নভেম্বর) এক বিবৃতিতে নতুন সূচির কথা জানায় এএফসি। এর আগে, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং ভ্রমণ ও লজিস্টিক ব্যবস্থাপনার জটিলতা বিবেচনায় নিয়ে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
সৌদি আরবের স্থানীয় আয়োজক কমিটি ও দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা এবং পরামর্শের ভিত্তিতে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখের অনুমোদন পেতে প্রস্তাবটি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে এএফসি।
সূচি পরিবর্তনের কারণ হিসেবে এএফসি জানিয়েছে, অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি এবং চলমান ঘটনাপ্রবাহের কারণে দলগুলোর যাতায়াত ও সার্বিক আয়োজন ব্যবস্থাপনায় নতুন করে ভাবতে হচ্ছে। ফলে আগের নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন করা কঠিন হয়ে পড়েছে।
বিবৃতিতে এএফসি বলেছে, ‘অস্বাভাবিক পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী প্রতিযোগিতাটি আয়োজন ও শেষ করা সম্ভব হচ্ছে না। তাই অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, সমর্থকসহ সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া প্রয়োজন হয়েছে।’
এদিকে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি ও প্রতিশ্রুতির জন্য সৌদি আরব ফুটবল ফেডারেশন এবং স্থানীয় আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এএফসি। সংস্থাটির মতে, এশিয়ার খেলোয়াড় ও সমর্থকদের জন্য বিশ্বমানের একটি প্রতিযোগিতা আয়োজন করতে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ।
এশিয়ার পুরুষ জাতীয় দলগুলোর সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার মান অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে এএফসি। পাশাপাশি সূচি পরিবর্তনের কারণে অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করবে সংস্থাটি।
টুর্নামেন্টের প্রস্তুতি, সূচি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে পরবর্তী ঘোষণা এএফসির আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।